ব্রেকিং নিউজ

নির্বাচনের কারণে স্থগিত প্রকল্প একনেকে উঠছে কাল

সোমবার, ৪ মে, ২০১৫

অর্থনীতি,  সিটিজিবার্তা২৪.কম

Hasina

ঢাকা ঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনভুক্ত ১০টি ওয়ার্ডের উন্নয়নে প্রায় ২০০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের জন্য আগামীকালের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উত্থাপন করা হচ্ছে।

নির্বাচন কমিশনের (ইসি) চিঠির প্রেক্ষিতে গতমাসে প্রকল্পের অনুমোদন স্থগিত করা হয়।

আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে চলতি ২০১৪-১৫ অর্থবছরের ২৬তম একনেক সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, সভায় ওই প্রকল্পসহ মোট ১০টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে।

গত মাসে অন্য চারটি প্রকল্পের সঙ্গে ঢাকা সিটির উন্নয়নে দুটি প্রকল্প একনেকের কার্যতালিকায় সংযুক্ত করা হয়। কিন্তু নির্বাচনী বিধিনিষেধ থাকায় নির্বাচন কমিশন প্রকল্প দুটি উত্থাপন না করতে পরিকল্পনা কমিশনে চিঠি পাঠায়। এরপর একনেক সভার কার্যতালিকা থেকে প্রকল্পগুলো বাদ দেয়া হয়।

এখন উত্তর সিটি কর্পোরেশনের প্রকল্প আগামীকাল উত্থাপন করা হচ্ছে। প্রকল্পটি একনেক অনুমোদনের জন্য প্রস্তাব করেছে কমিশনের ভৌত অবকাঠামো বিভাগ।

প্রকল্পের আওতায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রায় ১৯ কিলোমিটার এলাকায় উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে বলে প্রকল্পের সারসংক্ষেপে উল্লেখ করা হয়েছে। প্রকল্পের উদ্যোক্তা স্থানীয় সরকার বিভাগ। বাস্তবায়ন করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

প্রকল্পের আওতায় গুলশান, বনানী ও বারিধারা কূটনৈতিক এলাকার রাস্তা, নর্দমা এবং ফুটপাত নির্মাণ বা পুনঃনির্মাণ ও উন্নয়ন, সড়কের জলাবদ্ধতা এবং বনানী লেকের দূষণ নিরসনে বিকল্প ড্রেনেজ লাইন নির্মাণ, প্রকল্প এলাকায় যানজট হ্রাসের মাধ্যমে নিরবচ্ছিন্ন যান চলাচলের ব্যবস্থা সম্প্রসারণ এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

এতে মোট ব্যয় ধরা হয়েছে ১৯৯ কোটি ৯৭ লাখ টাকা। যার ৭০ ভাগ অর্থ ১৩৯ কোটি ৯৮ লাখ টাকার জোগান দেবে সরকার। বাকি ৫৯ কোটি ৯৯ লাখ টাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে।

এছাড়া এ প্রকল্পের আওতায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩ নম্বর অঞ্চলের আওতায় গুলশান, বনানী ও বারিধারার ১০টি ওয়ার্ডে প্রায় ৪০ কিলোমিটার রাস্তা নির্মাণ, প্রায় ৫৬ কিলোমিটার খোলা ড্রেন নির্মাণ, ২৫ কিলোমিটার পাইপ ড্রেন নির্মাণ এবং ৫৬ দশমিক ৪১৫ কিলোমিটার ফুটপাত নির্মাণ বা উন্নয়ন করা হবে।