সোমবার, ৪ মে, ২০১৫
সিনিয়র করেসপোনডেন্ট, সিটিজিবার্তা২৪.কম
ঢাকা ঃ আসামকে বাদ দিয়ে সীমান্ত চুক্তি অনুমোদনের বিষয়ে ভারত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে কিছুই জানায়নি বলে সাংবাদিকদের জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, ‘এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করেনি ভারত। আমাদের এ ব্যাপারে কোনো প্রস্তাবও দেওয়া হয়নি। যদি আসামকে বাদ দিয়ে সীমান্ত চুক্তি বাস্তবায়নের প্রস্তাব ভারত দেয় তাহলে বিবেচনা করব।’
এদিকে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত সীমান্ত চুক্তি বিলটি নিয়ে আলোচনা ও অনুমোদনের লক্ষ্যে আগামীকাল সে দেশের রাজ্যসভায় ওঠার কথা রয়েছে। কিন্তু সীমান্ত চুক্তি বিলে আসামকে বাদ রাখা হচ্ছে বলে ভারতের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। আসামে আসন্ন বিধানসভা নির্বাচনে রাজনৈতিক স্বার্থ উদ্ধারের কথা মাথায় রেখে বিজেপি সরকার এ ধরনের সিদ্ধান্ত নিতে চলেছে বলে দলীয় একাধিক নেতা গণমাধ্যমে জানিয়েছেন। আসাম রাজ্য বিজেপির তীব্র আপত্তি রয়েছে এ বিলটি নিয়ে। বিলটি পাশ হলে নির্বাচনে তার বিরূপ প্রভাব পড়বে বলে আসামের বিজেপি নেতারা কেন্দ্রীয় বিজেপি নেতাদের কাছে বারবার বলেছেন। তাদের দাবি, সীমান্ত চুক্তিটি বাস্তবায়িত হলে আসামের ২৩৮ একর জমি বাংলাদেশে চলে যাবে।
এদিকে আসামকে বাদ দিয়ে সীমান্ত চুক্তি বাস্তবায়নের ব্যাপারে কংগ্রেসের পক্ষ থেকে ব্যাপক আপত্তি তোলা হয়েছে। এ লক্ষ্যে আসামের মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা তরুণ গগৈ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোনে আসামকে চুক্তি থেকে বাদ না দেওয়ার অনুরোধ করেছেন। কংগ্রেসের দাবি, এ ধরনের বিল নিয়ে কেন ভোটের রাজনীতি করা হবে? মানবিক কারণে যদি ছিটমহল বিনিময় ও অপদখলীয় জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়, তবে তা দেশের সব জায়গায় একই সঙ্গে কার্যকর করা উচিত। নির্বাচনী ফায়দা নিতে আসামকে বাদ দেওয়া মানে দেশের স্বার্থের চেয়ে রাজনীতিকে বেশি গুরুত্ব দেওয়া।
উল্লেখ্য, সীমান্ত চুক্তি বাস্তবায়নের ফলে দুই দেশের মধ্যে ১৬২টি ছিটমহল বিনিময়ের কাজ শুরু হবে। এই চুক্তির অধীনে ভারত ১১১টি ছিটমহল বাংলাদেশের কাছে হস্তান্তর করবে। এই ছিটমহলগুলোর আয়তন ১৭ হাজার ১৬০ একর। অন্যদিকে বাংলাদেশ ভারতের কাছে হস্তান্তর করবে ৫১টি ছিটমহল, যার আয়তন ৭ হাজার ১১০ একর। এসব ছিটমহলে ৫৫ হাজার অধিবাসী দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন। এ ছাড়া দুই দেশের বিরোধপূর্ণ জমি হস্তান্তরের ফলে ভারত বাংলাদেশের কাছ থেকে পাবে ২ হাজার ৭৭৭.০৩৮ একর জমি এবং বাংলাদেশ ভারতের কাছ থেকে পাবে ২ হাজার ২৬৭.৬৮২ একর জমি।
Ctgbarta24.com 24 hours Online News Paper
