ব্রেকিং নিউজ

নেগ্রিমস হাসপাতালে আইসিইউতে সালাহ উদ্দিন

2_199195মেঘালয়ের শিলংয়ের নর্থ-ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অব হেলথ এন্ড মেডিকেল সায়েন্সেস (নেগ্রিমস) হাসপাতালেই আছেন বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ। তাকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। বুধবার হাসপাতালে নেয়ার পর তার শারীরিক কয়েকটি পরীক্ষা করা হয়। সেগুলো হাতে পাওয়ার পর তাঁর ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।

শিলং অবস্থানরত বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি বৃহস্পতিবার বিকালে টেলিফোনে যুগান্তরকে বলেন, সালাহ উদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমেদ তাদের আইনজীবী এস পি মহান্তের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, সালাহ উদ্দিনের চিকিৎসার বিষয়টিকেই সর্বাধিক গুরুত্ব দেয়া হচ্ছে। কিভাবে আইনী বিষয়গুলো মোকাবেলা করে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর ব্যাপারে তৎপরতা চালানো হচ্ছে।

নেগ্রিসম হাসপাতালের পরিচালক এ জি এহেনগার বরাদ দিয়ে জনি বলেন, সালাহ উদ্দিন আহমেদের আরও কিছু পরীক্ষা করা হবে। এরপর সবগুলো পরীক্ষা হাতে পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। গতকাল দুপুরে সালাহ উদ্দিনের সঙ্গে দেখা করেছেন হাসিনা আহমেদ। আইনী বিষয়ের সবশেষ পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয় বলে জানান তিনি।

গত ১১ মে শিলংয়ের গলফ-লিংক এলাকা থেকে আটকের পর সালাহ উদ্দিনকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পুলিশ সালাহ উদ্দিনকে মানসিক হাসপাতালে নেন। সেখানে একদিন রাখার পর ১২ মে তাকে সিভিল হাসপাতালে ভর্তি করা হয়।

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্ট-৪৬ অনুযায়ী মেঘালয় পুলিশ তার বিরুদ্ধে একটি মামলা করেন। তবে হাসপাতালের ছাড়পত্র না পাওয়ায় তাকে আদালতে হাজির করা সম্ভব হচ্ছে না।