রোববার, ২০ মার্চ ২০১৬ রাত ১২:০৫ ঘন্টা
সিটিজিবার্তা২৪ডটকম
খেলার বার্তা : টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হয় বাংলার টাইগারদের। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচে আবারও আরেকটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে মাশরাফি বাহিনী।
আগামীকাল সোমবার বিশ্বকাপে সুপার টেন পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরুতে ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ।
প্রথম ম্যাচে হেরে গেলেও অজিদের বিপক্ষে ভালো খেলে ম্যাচে ফিরে আসতে চায় টাইগার দল। সেই লক্ষ্যেই অস্ট্রেলিয়ানদের দুর্বলতা নিয়ে খুটিয়ে দেখছেন বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। অভিজ্ঞ এই কোচের মতে বাংলাদেশ নিজেদের সেরাটা দিয়ে খেললে অজিদের হারানো অসম্ভব হবে না।
শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “অস্ট্রেলিয়া সবসময়ই শক্তিশালী দল। কিন্তু সম্প্রতি লক্ষ্য করেছি তারা আসলে নিজেদের কম্বিনেশন নিয়ে খুব একটা নিশ্চিত নয়। তারা কী করছে বা করতে চায় এটা নিয়ে তারা নিশ্চিতই থাকতো কিন্তু সম্প্রতি সেরকমটা দেখা যাচ্ছে না। তাই এটাকে আমি এক ধরনের অ্যাডভান্টেজই বলবো”।
সংবাদ সম্মেলনে কোচকে জিজ্ঞেস করা হয় বাংলাদেশ কি ২০০ রানের লক্ষ্যে ব্যাট করতে সক্ষম কিনা। সাংবাদিকদের করা এই প্রশ্নের জবাবে হাথুরুসিংহে বলেন, “২০০ রান চেজ করা সবসময়ই কঠিন। আশা করি খুব শিগগিরই আমরা সেটা করতে পারবো। যদিও আমরা এখনও সেটা পারিনি। সে কারণেই কিন্তু আমরা ৫ বোলার নিয়ে খেলি। আমাদের পরিকল্পনা পরিষ্কার। প্রতিপক্ষকে যতটা সম্ভব কম রানে বেধে রাখা”।
বাংলাদেশের অন্যতম সেরা টি টোয়েন্টি ব্যাটসম্যান মুশফিকুর রহিম। কিন্তু সাম্প্রতিক কালে নিজেকে হারিয়ে যেন খুঁজছেন এই টাইগার ক্রিকেটার। তাঁর ব্যাটে রান নেই বেশ কিছুদিন থেকেই। এ বিষয়ে হাথুরুসিংহে বলেন,
“আমাদের বুঝতে হবে এটা টি-টোয়েন্টি খেলা। এখানে ভালো খেলতে হলে শীর্ষ চার ব্যাটসম্যানকে রান করতে হবে। আর বাকিদের কিছু কন্ট্রিবিউট করতে হবে। বিশ্বকাপের মূলপর্বের ম্যাচগুলোর দিকে তাকলেও তা পরিষ্কার হয়ে যায়। আমরা এই মুহূর্তে সেটাই করার চেষ্টা করছি|
ওপেনার ব্যাটসম্যান সৌম্য সরকার বেশ কিছুদিন থেকেই তেমন উল্লেখযোগ্য পারফর্ম করতে পারছেন না। এ নিয়ে চিন্তিত কিনা জানতে চাইলে টাইগার দলের কোচ বলেন, “সৌম্য এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ভালো করেছে। যে কারণে আমরা ফাইনাল খেলেছি। এটা মাত্র চার ম্যাচ আগের ঘটনা। চার ম্যাচে কাউকে বিচার করা যায় না”।
বাংলাদেশ দলের মূল পেসার মুস্তাফিজ অজিদের বিপক্ষে খেলবেন কীনা খেলবে না, এটা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে জোর আলোচনা। তবে কোচ শনিবার সংবাদ সম্মেলনে মুস্তাফিজকে নিয়ে আশার কথাই শোনালেন। তিনি বলেন, “মুস্তাফিজ ফিট আছে। তবে তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে আগামীকাল ম্যাচের আগের মূহেুর্তে। সে আজকে বোলিং করেছে, আমিও দেখিছি। তবে কাল কী অবস্থা হয় সেটা দেখার ব্যাপার আছে। ফিজিও সবুজ সঙ্কেত দিলেই মুস্তাফিজকে মাঠে নামানো হবে!”।
বেঙ্গালুরুর কন্ডিশন প্রসঙ্গে তিনি বলেন, “প্রত্যেকটি দলের জন্য এই কন্ডিশন বেশ চ্যালেঞ্জের। তবে বেঙ্গালুরু অনেকটাই ব্যাটিং সহায়ক উইকেট। কিছু কিছু সময় এখানে স্পিনও ধরার সুযোগ আছে। আসলে এতো কিছু চিন্তা করে লাভ নেই। দ্রুত সময়ের মধ্যেই মানিয়ে নেওয়াটা উচিত। আমরা চেষ্টা করবো এখানে মানিয়ে নেওয়ার।’ তিনি আরও যোগ করেন, ‘এখানে অনেক রান উঠবে। পুরো বাটিং সহায়ক উইকেট। এখানে ১৮০ রান খুবই স্বাভাবিক স্কোর”।
বাংলাদেশ দলের বেশ কিছু ক্রিকেটারের অভিজ্ঞতা আছে বেঙ্গালুরুতে খেলার। সাকিব আল হাসান, নাসির হোসেন এবং সাব্বির তাদের মধ্যে অন্যতম। গত বছরের শেষ দিকে ‘এ’ দলের হয়ে বেঙ্গালুরুতে একটি একদিনের ম্যাচ খেলেছিলেন নাসির-সাব্বিররা। আইপিএলে খেলার মাধ্যমে সাকিবেরও এই উইকেটে খেলার অভিজ্ঞতা আছে। এটাকে একটি ইতিবাচক দিক হিসেবে দেখছেন কোচ। “এই ধরনেই উইকেটে যখন কিছু খেলোয়াড়ের খেলার অভিজ্ঞতা থাকে, সেটা যে কোনও দলের জন্যই ইতিবাচক। সাকিব ছাড়াও এ দলের হয়ে বেশকিছু খেলোয়াড় এখানে এসে খেলে গেছে। যা আমাদের ধারণা পেতে সহায়তা করবে”, বলেন টাইগার দলের কোচ।

