বুধবার, ৩০ মার্চ ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম : প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও নগর ছাত্রলীগের সদস্য সোহেল আহমেদের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি। এ সময় হত্যকারীদের ছাত্রলীগ নেতা বলে প্রচার না করার অনুরোধ জানানো হয়।
মঙ্গলবার রাতে গণমাধ্যমকে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান ছাত্রলীগের এ দুই নেতা।
বিবৃতিতে তাঁরা বলেন, ‘সোহেল আহমেদ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও নগর ছাত্রলীগের সদস্য। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। যার প্রেক্ষিতে তাকে উপর্যপুরি ছুরিকাঘাত করে খুন করা হয়।’
বিবৃতিতে খুনীদের গ্রেপ্তারে পুলিশের কাছে জোর দাবী জানান নগর ছাত্রলীগের এই দুই নেতা। এছাড়া বিবৃতিতে এ ঘটনার সাথে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের কথা সত্য নয় বলে দাবি করা হয়।
বিবৃতিতে তাঁরা বলেন, ‘একটি পক্ষ ঘোলা পানিতে মাছ শিকারের মত ঘটনার অবতারণ করছে। এই হত্যকান্ডের পরে তারা ঘটনাকে সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীনের মধ্যে রাজনৈতিক কোন্দলের পরিপ্রেক্ষিতে এই হত্যাকান্ড এমন প্রচারণায় মশগুল রয়েছেন। যাতে আওয়ামী লীগের রাজনীতিক ঐক্য নসাৎ করা যায়।’
তাঁরা আরো বলেন, ‘আমরা সম্মিলিতভাবে এই হত্যাকান্ডের বিচার চাইছি। হত্যকারীকে গ্রেফতার ও বিচার নিশ্চিতে আগামীকাল থেকে সম্মিলিতভাবে আন্দোলন গড়ে তোলা হবে। আগামীকাল দলীয় কার্যালয় থেকে শোক র্যালি ও লালদিঘি ময়দানে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে।’
বিবৃতিতে নগরীর বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীদের কারণে সৃষ্ট জনদুর্ভোগের ক্ষমা প্রার্থনা করেন নগর ছাত্রলীগের এ দুই নেতা।
