স্টাফ করেসপন্ডেন্ট, সিটিজিবার্তা২৪ডটকম
শুক্রবার, ১৫ এপ্রিল ২০১৬
চট্টগ্রাম: এলাকায় আধিপত্য নিয়ে বিরোধের জেরে চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় মো.রাহুল (২৬) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার নগরীর ঢেবার পাড়ে দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটেছে।
হামলার ঘটনাটি স্থানীয়ভাবে বিএনপি কামাল ওরফে কিলার কামাল নামে এক সন্ত্রাসী ও তার অনুসারীরা ঘটিয়েছে বলে জানিয়েছেন খুলশি থানার ওসি মোহাম্মদ নিজাম উদ্দিন।
ওসি জানান, কিলার কামালকে গ্রেফতারের জন্য গত এক বছর ধরে পুলিশ খুঁজছে। এর ফলে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি কামাল এলাকায় ফিরে আসে।
লালখান বাজারের ঢেবার পাড়ের কামাল গ্রুপের সঙ্গে গরীব উল্লাহ শাহ’র সোহাগ গ্রুপের বিরোধ আছে।
শুক্রবার দুপুরে সোহাগ গ্রুপের রাহুল মসজিদ থেকে জুম্মার নামাজ পড়ে পায়ে হেঁটে বাসায় ফিরছিল। ঢেবার পাড়ের অদূরে কামাল ও তার ৫-৬ জন সহযোগী রাহুলকে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়।
খবের পেয়ে পুলিশ গিয়ে রাহুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রাহুলের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন ওসি।
এ ঘটনার পর উত্তেজনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি।

