নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম
শুক্রবার, ১৫ এপ্রিল ২০১৬
চট্টগ্রাম: বাঁশখালীর গণ্ডামারায় সংঘর্ষে নিহতদের পরিবারকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণের দাবি উঠার একদিন পরই দাবি পূরণের উদ্যোগ নিয়েছে সরকার।
আজ শুক্রবার বাদ জুমা নিহতদের পরিবারে মোট ৬০ লাখ টাকা হস্তান্তর করা হবে। দাবি অনুযায়ী আহতদেরকেও সহায়তা দেওয়া হবে। এ লক্ষ্যে তালিকা তৈরি করা হচ্ছে বলে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
গতোকাল বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাশখালীতে বিদ্যুৎ কেন্দ্র নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় নিহতদের পরিবারের কাছে ১৫ লাখ টাকা অনুদান তুলে দিবেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
বাঁশখালী উপজেলার গণ্ডামারা এস আলম গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহতদের পরিবারকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণসহ ৯ দফা দাবি দেয় গণ্ডামারা ইউনিয়ন বাঁচাও আন্দোলন।
বুধবার বিকেলে গণ্ডামারা হাদির পাড়া সাইক্লোন সেন্টার মাঠে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন বাঁশখালীর সাবেক সংসদ সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী।
এসব দাবি পূরণের পর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পটি বাস্তবায়ন হলে জনগণ যদি মনে করে এর মাধ্যমে এলাকার উন্নয়ন হবে তবে এটি নির্মাণে বাধা দেওয়া হবে না বলেও ঘোষণা দেন তিনি।

