বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান
শিক্ষা ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম
বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০১৬
দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রার্থী বাছাই কার্যক্রমের পূর্বশর্ত হিসেবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৭ মে’র মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মুহ. সাইফুল্লাহ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ৩০ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পরিপত্রে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) প্রার্থী বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয়। এ লক্ষ্যে দেশের সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে রেজিস্ট্রেশন করার জন্য ইতোমধ্যে এনটিআরসিএ-এর পক্ষ থেকে এসএমএস পাঠানো হয়েছে। আগামী ৭ মে’র মধ্যে এই রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশের সব জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে তাদের নিজ এলাকার প্রতিষ্ঠানগুলোর রেজিস্ট্রেশন কার্যক্রম তদারকি করার জন্যও এনটিআরসিএ-এর পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ’র ওয়েবসাইট www.ntrca.gov.bd এ রেজিস্ট্রেশন সম্পন্ন করার নিদের্শনা দেওয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে অনলাইনে আবেদনগ্রহণ করে সফটওয়ারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মেধার ভিত্তিতে প্রার্থী বাছাই কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

