এমপি লিটনকে হত্যা করেছে জামায়াত: হাছান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক,  সিটিজিবার্তা২৪ডটকম

মঙ্গলবার, ৩ জানুয়ারি ২০১৭

গাইবান্ধার এমপি লিটন গুলিবিদ্ধ

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সাংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনের হত্যার বিষয়ে বলেছেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, সাম্প্রদায়িক শক্তি ও জামায়াত এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আর এই অপশক্তির পৃষ্ঠপোষক বিএনপি।’

আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির আমলে আমাদের দলীয় সাংসদ শাহ এইচ এম কিবরিয়া ও আহসান উল্লাহ মাস্টারকে হত্যা করেছিল। এ হত্যাকাণ্ডে বিএনপি নেতার জড়িত ছিল, তা প্রমাণিত। আবার সে সময় জাতীয় সংসদে শোকপ্রস্তাবও ওঠানো হয়নি। কিন্তু আজ তারা লিটন হত্যাকাণ্ড নিয়ে মায়াকান্না করছে। তাদের মুখে মায়াকান্না মানায় না।’

পেট্রলবোমা ও আগুন-সন্ত্রাসে আওয়ামী লীগ জড়িত—বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এমন বক্তব্যের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে পরাজয়ের মাধ্যমে বিএনপি জনপ্রিয়তা যে তলানিতে, তা তারা উপলব্ধি করতে পেরেছে। সেটি থেকে মুক্ত হওয়ার জন্য তারা আওয়ামী লীগের নামে মিথ্যাচার করছে। আপনারা মিথ্যাচার না করে জনগণের কাছে ক্ষমা চেয়ে নিয়মতান্ত্রিক রাজনীতিতে ফিরে এসে দলকে ঢেলে সাজান।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ফরিদুন্নাহার লাইলী, সুজিত রায় নন্দী, আবদুস সবুর, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, বিপ্লব বড়ুয়া, আনোয়ার হোসেন প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *