BREAKING NEWS
Search

মৃত্যুদন্ডপ্রাপ্ত বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনী নূর চৌধুরীকে ফেরত চাইলেন প্রধানমন্ত্রী

রোববার,১৩ আগস্ট ২০১৭

সিটিজিবার্তা২৪ডটকম

ডেস্ক সংবাদ : মৃত্যুদন্ডপ্রাপ্ত বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনী নূর চৌধুরীকে ফেরত দিতে কানাডা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৩ আগস্ট) বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার Benoit-Pierre Laramee বিদায়ী সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী তার মাধ্যমে কানাডা সরকারের কাছে আহ্বান জানান।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যাকারীদের প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডার হাইকমিশনারকে বলেন, একজন খুনী কানাডায় আছে। নূর চৌধুরী। তাকে ফেরত পাঠান।

জবাবে Benoit-Pierre Laramee প্রধানমন্ত্রীকে বলেন, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আপনার অনুরোধ পৌঁছে দেবো।

১৫ আগস্টের নির্মম হত্যাকান্ডে দেশের বাইরে থাকায় ছোট বোন শেখ রেহানা ছাড়া পরিবারের সকল সদস্যকে হারানোর বিষয়টি উল্লেখ করেন শেখ হাসিনা।

সাক্ষাতকালে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়টি উঠে আসে।

আগামী সংসদ নির্বাচন প্রসঙ্গে হাই কমিশনার প্রধানমন্ত্রী বলেন, আমরা সবার অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাই।

স্বচ্চ ভোট বাক্স চালুসহ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতকরণে আওয়ামী লীগের বিভিন্ন উদ্যোগ ও অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার পর ২১ বছর এ দেশে গণতন্ত্র ছিলো না। আমরাই মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করেছি।

গত সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আমরা একটা কোয়ালিশন সরকার গঠন করার কথা বলেছি। বিএনপিকে বলেছিলাম যে মন্ত্রণালয় তোমরা চাও দেবো তোমরা আসো।

স্বাধীনতা সংগ্রাম ও যুদ্ধ বিধস্ত জাতি গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা দেশকে স্বাধীন করেছিলেন।এই স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু ২৪ বছর সংগ্রাম করেছিলেন। স্বাধীনতার পরে যুদ্ধবিধ্বস্ত জাতি গঠনে বঙ্গবন্ধু আত্মনিয়োগ করেন। বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য তিনি অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন।

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো মানুষের ভাগ্য পরিবর্তন করা। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়া। আমরা তার অসমাপ্ত কাজ সম্পন্নে কাজ করছি। আমরা ১৬ কোটি মানুষের উন্নয়নে কাজ করছি। মানুষের মৌলিক চাহিদা পূরণ করাই আমাদের মূল লক্ষ্য।

বৈঠকে সন্ত্রাসবাদের বিষয় উঠলে প্রধানমন্ত্রী সন্ত্রাস ও জঙ্গী নির্মূলে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশে দায়িত্বপালনকালে প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতা পেয়েছেন। এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন কানাডার হাইকমিশনার Benoit-Pierre Laramee।

Benoit-Pierre Laramee ‘র বাংলা ভাষা শেখার বিষয়টি জানিয়ে বলেন, মায়ের ভাষাকে সংরক্ষণ ও রক্ষা করা গুরুত্বপূর্ণ।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রক্তের বিনিময়ে ভাষার অধিকার প্রতিষ্ঠা ও ২১ শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালনের বিষয়টি উল্লেখ করেন।

আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রশংসা করেন হাই কমিশনার।

প্রথম দিকে বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী দেশগুলোর মধ্যে কানাডা একটি এ বিষয়টিও উল্লেখ করে হাইকমিশনার বলেন, দুই দেশের সম্পক ক্রমাগত আরো জোরদার হচ্ছে। বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা।

স্বাস্থ্য ও শিক্ষা সেক্টরে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন তিনি। হাই কমিশনার বলেন, উন্নয়নের কাজে বাংলাদেশ সফল।

কানাডা উন্নয়ন সহযোগিতা অব্যহত রাখবে এবং আরো জোরদার করবে বলে জানান Pierre Laramee।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image