সিটিজিবার্তা২৪ডটকম নিউজ ডেস্ক
মঙ্গলবার, ১৯ জুন ২০১৮
চট্টগ্রাম : পবিত্র ঈদুল ফিতরের দিন পবিত্র ঈদের নামাজের পরে নগরীর আন্দরকিল্লার মোহাদ্দেস ভিলা বাসভবনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রামের সর্বস্তরের নাগরিক, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক, লেখক, সংস্কৃতিকর্মী, বিভিন্ন রাজনৈতিক ও দলীয় নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে মেয়র আ জ ম নাছির উদ্দিন এ কথা বলেন।
তিনি বলেন, ঈদ মানেই সাম্য, একতা, শান্তি। ঈদুল ফিতরকে উপলক্ষ করে সর্বজনীন উৎসব আমাদের মধ্যে মিলন ও সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করবে। ঈদের নির্মল আনন্দ সকলে সমানভাবে উপভোগের মধ্য দিয়ে স্বার্থকতা বয়ে আনে। আমরা ধনী-গরিব নির্বিশেষে একসাথে ইফতার করি। ঈদের জামায়াতে নামাজ পড়ি। ঠিক সেইভাবে ঈদ আনন্দকেও ভাগাভাগি করে নিতে পারি।
তিনি বলেন, ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিয়ে মানুষে মানুষে সম্প্রীতি সৌভ্রাতৃত্ব ও সৌহার্দ্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে সমাজ থেকে বৈষম্য দূর হবে। একটি বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠাই একটি স্বাধীন দেশের আরাধ্য লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
এই লক্ষ্য অর্জনে আমাদের সম্মিলিত উদ্যোগের কথা উল্লেখ করে মেয়র বলেন, প্রত্যেককে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমাজ প্রগতির জন্য কাজ করতে হবে।
পবিত্র ঈদুল ফিতরের দিন ও ২য় দিনে সর্বস্তরের নাগরিকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নিজাম হাজারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন, বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ উমর ফারুক, আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সম্মানি সম্পাদক প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, রায়হান ইউসুফ, শফিউল আজম, আবদুল মান্নান ফেরদৌস, আসফাক আহম্মেদ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম বাবু, মহানগর পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুমন দেব নাথ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ক্রীড়া সংগঠক আবদুর রশিদ লোকমান, সংস্কৃতিকর্মী মো. আলমগীর হোসেন, মাস্টার আবদুর রহিম, ওসমান জাহাঙ্গীর, সজল দাশ প্রমুখ।






