Friday,17 Nov 2017
Ctgbarta24.com
রাজধানীর কাকরাইলে হারমোনিয়ামের ভিতর থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা গোয়েন্দা কর্মকর্তারা। এ সময় ইসহাক হোসেন টগর (২৮) নামে এক যুবককে আটক করা হয়।
গতকাল বৃহস্পতিবার (১৬ নভেম্বর ) দুপুরে কাকরাইল এস এ পরিবহণের সামনে থেকে তাকে আটক করা হয়।
সূত্র জানায়, কক্সবাজার থেকে এস এ পরিবহনের মাধ্যমে হারমোনিয়ামের ভিতর বিশেষ প্রক্রিয়ায় সংরক্ষন করে ঢাকায় ইয়াবা পাচার করছে একটি চক্র এমন তথ্য ছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা গোয়েন্দা টীমের কাছে। এ তথ্যের ভিত্তিতে বুধবার রাত থেকেই কাকরাইলস্থ এস এ পরিবহনের আশেপাশে বিভিন্ন ছদ্মবেশে অবস্থান নেন কর্মকর্তারা। তাদের নজরদারিতে দেখতে পান সকাল পৌনে ৯টায় এস এ পরিবহনের কক্সবাজার থেকে ঢাকাগামী কভার্ডভ্যান প্রবেশ করে। মাল খালাসের সময় কৌশলে টীমটি পার্সেলগুলো দেখে নেয়। অপেক্ষা করতে থাকে পার্সেলটার রিসিভারকে আটক করা জন্য। দুপুর ১ টার দিকে ইসহাক হোসেন টগর (২৮) নামে এক যুবক চালানটি রিসিভ করতে আসে। এ সময় তাকে আটক করা হয়।
ঢাকা গোয়েন্দা কার্যালয়ের সুপার ফজলুল হক খান বলেন, পার্সেলে দুটি হারমোনিয়াম ছিল। সেগুলো তল্লাশী করে বিশেষ প্রক্রিয়ায় রক্ষিত ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটক ইসহাক হোসেন টগরকে জিজ্ঞাসাবাদে জানা যায় টেকনাফের মো. হেলাল নামক এক ব্যক্তি ইয়াবার চালানটি ঢাকায় সরবরাহ করেছে।









