অপহরণের ১৪ দিন পর সোহাগকে চট্টগ্রামের মিরসরাই এলাকা থেকে উদ্ধার

বুধবার, ২৪ ডিসেম্বর ২০১৫

sohagসিটিজিবার্তা২৪ডটকম : অপহরণের ১৪ দিন পর রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় (রুয়েট) ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক সাইফুজ্জামান সোহাগকে চট্টগ্রামের মিরসরাই এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

রাজশাহীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সোহাগের শ্বশুর রেজাউর রহমান দুলাল দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, মোবাইল ফোনে বুধবার ভোরে তারা জানতে পারেন সোহাগকে চট্টগ্রামের মিরসরাই এলাকায় পাওয়া গেছে। এর পর ঢাকা থেকে কয়েকজন আত্মীয় গিয়ে সোহাগের অবস্থান নিশ্চিত করেন।

ওসি মাহমুদুর রহমান জানান, খবর পেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা মাহবুবুর রহমানও চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছেন। তাকে হাতে পাওয়ার পর কে বা কারা, কেনই বা তাকে অপহরণ করেছে সে তথ্য বেরিয়ে আসবে।

এর আগে ৯ ডিসেম্বর রাত ৩টার দিকে র‌্যাবের পোশাকধারী ছয়-সাত জন সদস্য তেরখাদিয়া পশ্চিমপাড়ায় সোহাগের বাড়ি থেকে তাকে অপহরণ করে। এ ঘটনার পর রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন সোহাগের বাবা আককাসউজ্জামান। এর পর ১৩ ডিসেম্বর রাতে নগরীর রাজপাড়া থানায় সোহাগের বাবা বাদী হয়ে মামলা করেন।

মামলায় অজ্ঞাতনামা র‌্যাব ও ডিবি পুলিশ এবং সোহাগের সহপাঠী নাবিলাকে আসামি করা হয়। ২০ ডিসেম্বর পুলিশ এ মামলায় ঢাকার দক্ষিণখান থানার ফাইজবাদ এলাকার আব্দুল আউয়াল খানের ছেলে ও রুয়েটের সাবেক শিক্ষার্থী ইঞ্জিনিয়ার ফারজাদুল ইসলাম মিরন এবং রাজশাহী নগরীর নওদাপাড়ার শওকত আলীর ছেলে ও রুয়েটের সিভিল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ইসফাক ইয়াসিফ ইপুকে আটক করে। পরদিন আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image