সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jun 2016 12:51:53 AM Wednesday।।
খেলারবার্তা২৪ ডেস্ক: ইউরো চ্যাম্পিয়নশিপের গ্রুপ ‘সি’ এর শেষ ম্যাচে মারিও গোমেজের একমাত্র গোলে নর্দান আয়ারল্যান্ড কে হারিয়ে শীর্ষ দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছেন জার্মানি। দিনের অন্য ম্যাচে ইউক্রেনকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে পোল্যান্ডও।
মঙ্গলবার রাতে ঠিক যেন ফেভারিটের মতো নিজেদের তুলে ধরতে পারেননি ওজিল-মুলার-গোতজেরা। গোল একটি করলেও পুরো ম্যাচে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।
খেলার ২৯ মিনিটে থমাস মুলারের পাস থেকে গোল করে জার্মানিকে এগিয়ে দেন মারিও গোমেজ। ৩৫ মিনিটে নিজেই গোল করতে পারতেন মুলার। কিন্তু ভাগ্য তার সহায় হয়নি। তার শক্তিশালী শট গিয়ে আঘাত হানে গোলবারে। প্রথমার্ধের বাকি সময় গোলের কোনও সুযোগ তৈরি করতে পারেনি কোনও দল।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেও আক্রমণাত্মক খেলতে থাকা জার্মানি ৫৩তম মিনিটে ব্যবধান বাড়ানোর ভালো একটা সুযোগ পায়। কিন্তু মারিও গোটজের প্রচেষ্টা দারুণভাবে প্রতিহত করেন শুরু থেকেই দুর্দান্ত খেলা ম্যাকগভের্ন। ৮২তম মিনিটে কিমিশের ক্রসে করা গোমেজের হেড বাঁয়ে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকিয়ে ব্যবধান বাড়তে দেননি ৩১ বছর বয়সী ম্যাকগভের্ন।
ম্যাচের প্রায় ৮০ শতাংশ বল দখলে রাখলেও গোল করতে পারেনি ওজিল মুলাররা। ফলে শেষ পর্যন্ত ১-০ গোলের কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।
এই জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত হওয়া জার্মানির পয়েন্ট ৭। পোল্যান্ডের পয়েন্টও সমান ৭, তবে গোল ব্যবধানে পিছিয়ে তারা। আর ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা নর্দার্ন আয়ারল্যান্ডের নকআউট পর্বে খেলার আশা এখনো আছে।
ইউরোর ছয়টি গ্রুপের সেরা দুইটি করে দল এবং তৃতীয় স্থানের সেরা চারটি দল পরের রাউন্ডে উঠবে।

