১৪ ডিসেম্বর, সোমবার, ২০১৫
আফসানা জেরিন, সিটিজিবার্তা২৪ডটকম
নিজস্ব প্রতিবেদক ঃ টাঙ্গাইল জেলার ভুয়াপুর পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তারিকুল ইসলামের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়াও একই পৌরসভার এক এবং কুষ্টিয়ার ১২ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে মনোনয়নপত্র গ্রহণের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়া হয়েছে।
এ বিষয়ে দায়ের করা আলাদা আলাদা আবেদনের শুনানি করে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।
আদালতে টাঙ্গাইল পৌর মেয়রপ্রার্থী তারিকুল ইসলাম ও কাউন্সিলর প্রার্থী আইয়ুব আলীর পক্ষে শুনানি করেন সৈয়দ সাহিদুর রহমান ও অ্যাডভোকেট মো. নুরু নবী বুলবুল।
রায় ঘোষণার পর অ্যাডভোকেট মো. নুরু নবী বুলবুল বলেন, ৬ ডিসেম্বর রিটার্নিং অফিসার তারিকুলের মনোনয়নপত্র বাতিল করেন। আপিল করলে জেলা প্রসাশকও বাতিল বহাল রাখেন। উচ্চ আদালতে মনোনয়েনপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন।
এদিকে কুষ্টিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমান, ১৭নং ওয়ার্ডের সালামত উল্লাহ বিশ্বাস এবং সংরক্ষিত মহিলা ১০,১১,১২নং ওয়ার্ডের নুরজাহান বেগমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা প্রসঙ্গে কাউন্সিলরদের আইনজীবী অ্যাডভোকেট নকিব সাইফুল ইসলাম বলেন, ‘আদালতে আমি কুষ্টিয়া পৌরসভার ৯ জন পুরুষ ও ৩ জন মহিলা কাউন্সিলরের রিটের পক্ষে শুনানি করেছি। আদালত তাদের প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দিয়েছেন।’
উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর সারা দেশে ১৩৪টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারই প্রথম স্থানীয় নির্বাচন দলীয় প্রতীক অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে দলীয় প্রতীক পাচ্ছেন শুধু মেয়ররা।










