শুক্রবার, ০৪ ডিসেম্বর ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম
স্পোর্টস ডেস্ক : ঘোষণাটি আসে বুধবার দুপুরে। আইসিসি’র বর্ষসেরা ওয়ানডে দলে প্রথম বাংলাদেশি হিসেবে জায়গা পেয়েছেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজের এই গৌরবে উচ্ছ্বসিত দেশের ক্রিকেটাঙ্গনও। চট্টগ্রামে বিপিএলের ম্যাচ চলাকালে এ খবর ছড়িয়ে পড়লে মাঠেই সতীর্থদের অভিনন্দনে সিক্ত হন মুস্তাফিজ।
ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানালেন মুস্তাফিজের এই অর্জন বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক বড় একটা ব্যাপার। বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়কের সঙ্গে কণ্ঠ মেলালেন টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিমও। বললেন, ‘বাংলাদেশের জন্য বড় একটা গৌরবের ব্যাপার। আইসিসির বর্ষসেরা একাদশে থাকা সত্যিই অনেক গর্ব করার মত ব্যাপার। আমি খুবই ‘প্রিভিলেজ্ড’ ওর মত ক্রিকেটারের সঙ্গে খেলতে পেরে।’
মুশফিকের বিশ্বাস, নিজেকে ধরে রাখতে পারলে আরও উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে মুস্তাফিজের জন্য। বললেন, ‘দোয়া করব যেন মুস্তাফিজ চোটমুক্ত থাকে এবং যেভাবে বোলিং করছে, সেভাবেই করে যাবে। ও অনেক স্মার্ট বোলার। কিভাবে কি করতে হয়, পরিকল্পনা থেকে শুরু করে সব কিছু নিজেই করতে পারে। যেভাবে চলছে, এটা ধরে রাখতে পারলেই অনেক ভালো ক্যারিয়ার হবে ওর।’ বাদ যাননি দেশের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবালও।
মুস্তাফিজের প্রশংসায় বললেন, ‘গ্রেট, গ্রেট, গ্রেট অ্যাচিভমেন্ট। অসাধারণ অর্জন। আমি সত্যিই খুব খুশি। সত্যি বলছি, আমি নিজে সেরা একাদশে থাকলেও হয়ত এর চেয়ে বেশি খুশি হতে পারতাম না।’
আইসিসির বর্ষসেরা দলে মুস্তাফিজের জায়গা করে নেওয়াকে শতভাগ প্রাপ্য বলে মনে করেন তামিম। বললেন, ‘মুস্তাফিজের এটা শতভাগ প্রাপ্য ছিল। ৯৯.৯৯ ভাগও না, একদম শতভাগ প্রাপ্য ছিল। বর্ষসেরা একাদশে বাংলাদেশের একজনকে দেখেছি, অবিশ্বাস্য এক অনুভূতি এটি। আশা করি, পরের বছর আরও গোটা দুয়েক নাম বেশি থাকবে আমাদের।’




