মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম
সিনিয়র করেস্পনডেনট: চট্টগ্রাম নগরীতে থার্টি ফার্স্ট নাইট উদযাপনে আইন-শৃঙ্খলা রক্ষার নিমিত্তে জণসাধারণের প্রতি সিএমপি’র নির্দেশনা জারি করা হয়েছে। উক্ত নির্দেশনায় জনসাধারণের প্রতি বিশেষ নির্দেশাবলী পালন করার জন্য অনুরোধ করা হয়।
নির্দেশনায় আগামী ৩১/১২/২০১৫খ্রিঃ রাত ০৮.০০ ঘটিকা হতে ০১/০১/২০১৬খ্রিঃ ভোর ০৫.০০ ঘটিকা পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন আবাসিক হোটেল, রেঁস্তোরা, জনসমাবেশ ও উৎসবস্থলে সকল প্রকার লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র বহন না করার জন্য সংশ্লিষ্ট সম্মানিত নগরবাসীর প্রতি বিশেষভাবে অনুরোধ করা গেল।
উক্ত সময়ে মহানগর এলাকায় কোন প্রকার আতশবাজি, পটকা ফুটানো যাবে না।ঐ দিন বিকাল ০৫.০০ ঘটিকার পর পতেঙ্গা ও পারকি সমুদ্র সৈকতে অবস্থান না করার জন্য বা না যাওয়ার অনুরোধ করা হল।এছাড়া ফয়’স লেক, ডিসি হিল, আগ্রাবাদ শিশুপার্ক, কাজীর দেউরী শিশুপার্কসহ বিভিন্ন বিনোদন মূলক স্থানে এই উপলক্ষে অনুষ্ঠিতব্য সকল অনুষ্ঠান সন্ধ্যা ০৬.০০ ঘটিকার মধ্যে সমাপ্ত করার জন্য অনুরোধ করা হল।
এই নির্দেশনায় হোটেল, মোটেল, ক্লাব গুলোর বাইরে কোন প্রকার মাতলামি বরদাস্ত করা হবে না বলে উল্লেখ করা হয়েছে। সিএমপি’র অনুমতি ব্যতীত খোলা মাঠে বা রাস্তায় থার্টি ফার্ষ্ট নাইট উদ্যাপনের কোন অনুষ্ঠান করা যাবে না। আর সন্ধ্যা ০৭.০০ ঘটিকার পর বিমানযাত্রী ব্যতীত কোন গাড়ী পতেঙ্গা/বিমানবন্দর সড়কে চলাচল করবে না।










