সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫
আফসানা জেরিন, সিটিজিবার্তা২৪ডটকম
নিজস্ব প্রতিবেদক ঃ আসন্ন ‘পৌর সভা নির্বাচন সরকারের জন্য অগ্নিপরীক্ষা। এই পরীক্ষায় পাশ করলে বিএনপির বিজয় হবে।’ বিএনপি নির্বাচনের লড়াইয়ে শেষ পর্যন্ত মাঠে থাকার আপ্রাণ চেষ্টা করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
আজ (১৪ ডিসেম্বর) সোমবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী দল বিএনপি আলোচনা সভাটির আয়োজন করে।
মওদুদ আহমেদ বলেন, ‘বিশ্লেষকদের মতে সরকার বিগত সিটি নির্বাচনের মতো পৌর নির্বাচন করবে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে। এত কিছুর পরও সরকার অতীতের মতো নির্বাচন করলে তাদের করুণ পরিণতি ভোগ করতে হবে।’
পৌর নির্বাচন সুষ্ঠু করতে না পারলে সরকারকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন ব্যারিস্টার মওদুদ। তিনি বলেন, ‘রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, পৌর নির্বাচনও সিটি নির্বাচনের মতো হবে। সরকার প্রশাসনের ক্ষমতাবলে নির্বাচন করবে। নির্বাচন কমিশনের ভূমিকা নেই। তারা সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছে। সরকার যা চায়, তা-ই হবে। তারা সুষ্ঠু নির্বাচনের কথা বললেও আসলে তারা কারচুপি করে জয়লাভ করবে।’
বিএনপির এই নেতা আরো বলেন, পুলিশ-র্যা ব দিয়ে জঙ্গি, সন্ত্রাস দমন করা সম্ভব নয়। সরকারের উচিৎ হবে রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে জাতীয় ঐক্যর মাধ্যমে এর মোকাবিলা করা। সরকারের উচিৎ গণতন্ত্র ফিরিয়ে দেওয়া। আর এটিই একমাত্র পথ। অন্যথায় শুধু সরকার, বিএনপি নয়, সারা দেশ ক্ষতিগ্রস্ত হবে।’
মওদুদ বলেন, ‘গণতন্ত্রই জঙ্গিবাদ ঠেকাতে পারে। গণতন্ত্র রক্ষার জন্য আমরা পৌর নির্বাচনে লড়াই চালিয়ে যাব। আর যদি এখানে গণতন্ত্র হেরে যায়, তাহলে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে। দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে।’
পৌর নির্বাচন সরকারের জন্য অগ্নিপরীক্ষা উল্লেখ করে মওদুদ বলেন, ‘সিটি নির্বাচনের এক পরীক্ষায় সরকার ফেল করেছে। পৌর নির্বাচনের এই পরীক্ষায় পাশ করে কিনা দেখা যাবে। পরীক্ষায় পাশ করা মানে বিএনপির বিজয়।’
বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাষ্ট্রবিজ্ঞানী ড. এমাজউদ্দিন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, উপদেষ্টা পরিষদের সদস্য শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, অধ্যাপক মাহবুব উল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।









