সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম
মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান প্রথম সন্তানের মা হওয়ায় পতৌদির নবাব পরিবার পেল এক নতুন অতিথি। মনসুর আলী খান পতৌদির ছেলে সাইফ আলী খান ও তাঁর স্ত্রী কারিনা এক বিবৃতিতে জানিয়েছেন, নবজাতকের নাম রাখা হয়েছে তৈমুর আলী খান পতৌদি।
এনডিটিভি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাইফ-কারিনার ছেলের এই নাম রাখা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ও টুইটারে শুরু হয়েছে নানা কথা। কেউ কেউ বলছেন, মধ্য এশিয়া আক্রমণকারী শাসক তৈমুরের প্রতি সম্মান জানাতেই এই তারকা দম্পতি ছেলের ওই নাম রাখলেন! দিল্লির সবচেয়ে ক্ষতি করেছিলেন যে শাসক তৈমুর লং, তাঁর নামে কেন সাইফ-কারিনার ছেলের নাম রাখা হলো—তা জানতে চেয়েছেন অনেক টুইটার ব্যবহারকারী।
আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে সাইফ-কারিনার ছেলেসন্তানের জন্ম হয়। এরপরই নবজাতকের মা-বাবা এক বিবৃতিতে বিষয়টি গণমাধ্যমে জানান।
বিবৃতিতে নবজাতকের নাম ঘোষণার পর আশিস মহারিশি নামের এক ব্যক্তি টুইট বার্তায় বলেছেন, ‘তৈমুর আরবি নাম নয়। এটা তুর্কি ভাষা। এর অর্থ হলো লোহা বা শক্তিশালী কেউ।’ অন্য একটি টুইটে তিনি সাইফ-কারিনার নবজাতকের নাম তৈমুর আলী খান কার পছন্দ ও কার অপছন্দ তা নিয়ে একটি পোল (জরিপ) পোস্ট করেছেন।
তিনি লিখেছেন, ‘সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের ছেলে সন্তানের নাম ‘তৈমুর আলী খান’ রাখা ঠিক হয়েছে বলে আপনি মনে করেন কী? এর পক্ষে-বিপক্ষে অনেক ভোটও পড়েছে।
তবে নবজাতকের এই নাম নিয়ে বিতর্ক চললেও, এখনো সাইফ ও কারিনা এ বিষয়ে মুখ খোলেননি।
সাইফের ঘরে কারিনার প্রথম সন্তান তৈমুর। তবে সাইফের আরও দুই সন্তান রয়েছে, তাঁদের নাম ইব্রাহিম ও সারাহ। তাদের মা অমৃতা সিং। অমৃতা-সাইফের বিচ্ছেদ হয়েছে অনেক আগেই।











