সিএমপি কমিশনারের উদ্যোগে প্রাইম মুভার ট্রেইল ধর্মঘট স্থগিত

শুক্রবার,৩০ সেপ্টেম্বর ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

img_4902চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পরিবহনে নিয়োজিত প্রাইম মুভার ট্রেইল ধর্মঘট আপাতত স্থগিত করা হয়েছে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সিএমপি সদর দপ্তরে পুলিশ কমিশনারের সঙ্গে প্রাইম মুভার ট্রেইলার মালিক-শ্রমিক ঐক্য পরিষদ নেতাদের বৈঠকের মাধ্যমে টানা ৫ দিনের চলমান এ ধর্মঘট স্থগিত করা হয়।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন ধর্মঘট স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ কমিশনার স্যার ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ জানালে তারা মেনে নিয়েছেন।

বেলা ২টা থেকে প্রাইম মুভার ট্রেইলার চালকরা কাজে যোগ দিয়ে বন্দর থেকে কন্টেইনার পরিবহন শুরু করেছে বলে জানান মালিক শ্রমিক ঐক্য পরিষদ নেতারা। তারা জানায়, এ ধর্মঘট আগামী ৪ অক্টোবর পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে।
জানা গেছে, সিএমপি কমিশনারের বাসায় অনুষ্ঠিত বৈঠকে কমিশনার ইকবাল বাহার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং দাবি মানার ব্যাপারে মন্ত্রীর আশ্বাসের পর নেতারা ধর্মঘট স্থগিত করার ঘোষণা দেন।

গত ২৪ সেপ্টেম্বর থেকে বন্দরে কন্টেইনার পরিবহনে নিয়োজিত প্রাইম মুভার চালক মালিকরা দাউদকান্দি ও মেঘনা সেতুতে বসানো স্কেলে ৩৩ টনের বেশি ওজনের পণ্যবাহী যান গেলেই ২ হাজার টাকার জরিমানার এবং একটি প্রাইম মুভার্সে সর্বোচ্চ ৩৩ টন পণ্য পরিবহনের সীমা বেঁধে দেয়।
কিন্তু ১৪ চাকার একটি মুভার্সে কমপক্ষে ৫০ টন পণ্য থাকে। এ বিরোধকে কেন্দ্র করে দাউদকান্দি ও মেঘনা ব্রিজে কয়েক শত প্রাইম মুভার্সকে আটক রেখে হয়রানি ও চালক-শ্রমিকদেরকে মারধর করার প্রতিবাদে ২৪ সেপ্টেম্বর থেকে লাগাতার ধর্মঘট শুরু করে।

পাঁচ দিন অচলাবস্থার কারণে বন্দরে কন্টেইনার জট হয়ে ধারণ ক্ষমতার বাহিরে চলে যায়। অন্তত ২৮ হাজার কন্টেইনার আটকা পড়ে বন্দরে। এতে বন্দরে স্থবিরতা দেখা দেয়। ব্যবসায়ীদের দুই শ কোটি টাকার লোকসান হয়েছে বলে দাবি করা হয়।
এ পরিস্থিতিতে গতকাল চট্টগ্রামে নতুন যোগ দেওয়া জেলা প্রশাসক দুই দফা বৈঠক করার পর কোনো সিদ্ধান্তে আসতে না পারায় শুক্রবার এ উদ্যোগ নেন সিএমপি কমিশনার।

এর আগে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পক্ষ থেকে নৌ-পরিবহন মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, চট্টগ্রাম সিটি মেয়র, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট পক্ষগুলোকে কর্মবিরতি প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহ্বান জানানো হয়।

প্রাইম মুভার ট্রেইলার মালিক শ্রমিক ঐক্য পরিষদের সিনিয়র সহসভাপতি মাইন উদ্দিন জানান, পুলিশ কমিশনার মহোদয়ের আন্তরিকতায় বিশেষ শর্তে আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত কোনো প্রাইম মুভার ট্রেইলারকে ৪২ টনের কম পরিবহন করলে স্কেলে জরিমানা দিতে হবে না। তবে ৪২ টনের বেশি মাল পরিবহন করলে ২ হাজার টাকা শুধু একটি স্কেলে জরিমানা দিতে হবে। এই রশিদ দিয়ে সকল স্কেলে আর ওজন না মাপার শর্তে আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত ধর্মঘট স্থগিত করা হয়েছে।

সূত্র : দ্যরিপোর্ট




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *