শনিবার,২২ অক্টোবর ২০১৬
নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, দল ঐক্যবদ্ধ থাকলে পৃথিবীর কোনো শক্তি নেই আওয়ামী লীগকে স্তব্ধ করে। আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে, আওয়ামী লীগ এগিয়ে যাবে। আওয়ামী লীগ মরবে না।
আজ শনিবার সকালে দলের ২০তম কাউন্সিলে দেওয়া বক্তব্যে সৈয়দ আশরাফ এ কথা বলেন। তিনি দলের নেতা-কর্মীদের দলকে আরও শক্তিশালী করতে ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, কেউ আওয়ামী লীগকে ধ্বংস করতে পারবে না।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলনের প্রবেশমুখে মানুষের ভিড়। সৈয়দ আশরাফ বলেন, আওয়ামী লীগকে ধ্বংস করতে অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু কেউ এই দলকে ধ্বংস করতে পারেনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। আরও অনেক ষড়যন্ত্র হয়েছে। একদিন হয়তো দলীয় সভানেত্রী শেখ হাসিনা থাকবেন না। কিন্তু আওয়ামী লীগ থাকবে। এ দল মরবে না।
দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের সময় লাখো নেতা-কর্মীর সহায়তার কথা স্মরণ করে সৈয়দ আশরাফ বলেন, সবাই মিলে দলকে এগিয়ে নিতে হবে। বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে।




