মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে পেট্রোলের দাম ৫০ শতাংশের বেশি বেড়েছে। দেশটির বাজেটে ব্যাপক ঘাটতি দেখা দেওয়ার পর ভর্তুকি কমাতে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। এর পাশাপাশি পানির দামও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। আজ মঙ্গলবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে জানানো হয়েছে, বাদশাহ সালমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে পেট্রোলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বিদ্যুৎ, পানি, ডিজেল ও কেরোসিনের ওপর থেকেও ভর্তুকি কমানো হবে।
স্থানীয় সময় গতকাল সোমবার সৌদি আরবে ৮৪ হাজার কোটি রিয়ালের বাজেট ঘোষণা দেওয়া হয়েছে। এতে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫১ হাজার ৪০০ কোটি রিয়াল। আর বাজেট ঘাটতি ধরা হয়েছে ৩২ হাজার ৬০০ কোটি রিয়াল। এবার তেল বিক্রি থেকে ৭৩ শতাংশ আয় নির্ধারণ করা হয়েছে।
বাজেট ঘোষণার আগে সৌদি আরবে পেট্রোলের দাম ছিল দশমিক ৬ রিয়াল বা ১২ টাকা ৬০ পয়সা। নতুন ঘোষণার ফলে এ পণ্যের দাম দাঁড়াল দশমিক ৯ রিয়াল বা ১৮ টাকা ৯০ পয়সা। নিম্নমানের পেট্রলের দাম শূন্য দশমিক ৪৫ রিয়াল থেকে বাড়িয়ে শূন্য দশমিক ৭৫ রিয়াল করা হয়েছে। এক্ষেত্রে প্রায় ৬৭ শতাংশ দাম বাড়ছে।
বৈশ্বিক তেলের দামের সঙ্গে সংগতি রেখে পেট্রোলের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। সৌদি আরবে নতুন যে দামে পেট্রোল বিক্রি হবে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় তা এখনও অনেক কম।
পেট্রোলের পাশাপাশি প্রাকৃতিক গ্যাস, ডিজেল, কেরোসিন, বিদ্যুৎ ও পানির দামও বাড়িয়েছে সৌদি সরকার। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ন্যাশনাল অয়েল কনগ্লোমারেট আরমকো এক টুইট বার্তায় লিখেছে, গতকাল সোমবার মধ্যরাতে (স্থানীয় সময়) সৌদি আরবের স্টেশনগুলো বন্ধ হওওয়ার আগে নতুন ঘোষণা অনুযায়ী পেট্রোল বিক্রি হয়েছে।
উপসাগরীয় দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের পর সৌদি আরব বৈশ্বিক দামের সঙ্গে সামঞ্জস্য রাখতে পদক্ষেপ নিল। অর্থনীতিতে বৈচিত্র্য আনতে তেলের ওপর থেকে আয়ের নির্ভরতা কমাতে চাইছে সৌদি সরকার।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলেছে, সৌদি আরব যদি উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তেলের দাম নির্ধারণ করে, তাহলে প্রতি বছরে দেশটির এক হাজার ৭০০ কোটি ডলার সাশ্রয় হবে।









