মঙ্গলবার, ৫ মে, ২০১৫
নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪.কম
আন্তর্জাতিক ঃ থাইল্যান্ডে গণকবর উদ্ধারের পর সন্দেহভাজন চার মানব পাচারকারীকে গ্রেফতার করেছে থাই পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন থাইল্যান্ডের ও একজন মিয়ানমারের নাগরিক।
মঙ্গলবার বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
থাইল্যান্ডে মালয়েশিয়া সীমান্তের কাছের জঙ্গলে পরিত্যাক্ত একটি ক্যাম্পে এই গণকবরের সন্ধান মেলে। গণকবর থেকে ২৬টি লাশ উদ্ধার করা হয়।
মিয়ানমারের রোহিঙ্গাদের দেশ ছেড়ে পালানোর একটি বহুল পরিচিত পথের মধ্যে এই গণকবরের সন্ধান পাওয়া যায়।
থাইল্যান্ডের কর্মকর্তাদের ধারণা, এই পথ দিয়ে অভিবাসীরা পালানোর সময় তাদের আটক করে মানব পাচারকারীদল। মুক্তিপণ না দেওয়ায় তাদের হত্যা করা হয়ে থাকতে পারে।
পুলিশ জানায়, থাইল্যান্ডের সংখলা প্রদেশের স্থানীয় পরিষদের একজন সদস্য এবং দুজন গ্রাম কর্মকর্তাকে সোমবার গ্রেফতার করা হয়েছে। এ তিনজনের বাড়ি ওই গণকবরের আশপাশে।
মানবাধিকার কর্মীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, স্থানীয় পুলিশ এই এলাকায় মানব পাচারের বিষয়টি জানে এবং মানব পাচারের ব্যবসার সঙ্গে তারা জড়িত।
ডেপুটি পুলিশ কমিশনার অনুচন চামার্ট জানিয়েছেন, ‘গ্রেফতারকৃত মিয়ানমারের নাগরিকের নাম সোয়ে নাইয়িং ওরফে আনোয়ার। এই ব্যক্তি জঙ্গলের ক্যাম্প পরিচালনা করে এবং মুক্তিপণ চেয়ে থাকে।’
এ ছাড়া স্থানীয় পুলিশের আরো চার সদস্যকে জিজ্ঞাসাবাদ করে দেখা হচ্ছে।
ধারণা করা হচ্ছে, জঙ্গলের ওই ক্যাম্পে আটক থাকা অধিকাংশ লোক রোগ ও খাদ্যাভাবে মারা গেছে। ক্যাম্প থেকে জীবিত উদ্ধার হওয়া এক ব্যক্তি থাই গণমাধ্যমকে জানিয়েছেন, ওই ক্যাম্পের আশপাশে আরো একটি গণকবর রয়েছে।
প্রতি বছর কয়েক হাজার লোককে থাইল্যান্ড দিয়ে মালয়েশিয়ায় পাচার করা হয়।
Ctgbarta24.com 24 hours Online News Paper
