ব্রেকিং নিউজ

বিএনপির খাবার বিতরণমঞ্চ ভেঙ্গে দিল পুলিশ

রোববার, ৩১ মে, ২০১৫

রিজওয়ানুল শামস, সিটিজিবার্তা২৪ডটকম

BNP

ঢাকা ঃ রাজধানীর গুলশান ডিসিসি নর্থ সুপার মার্কেটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দুস্থদের খাবার বিতরণের মঞ্চ ভেঙ্গে দিয়েছে পুলিশ।

রোববার সকাল ১০টা ৪০মিনিটে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামের নেতৃত্বে মঞ্চটি ভেঙ্গে দেয়া হয়।

কেন মঞ্চ ভেঙ্গে দেয়া হলো- এ বিষয়ে জানতে চাইলে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘এটি একটি কূটনৈতিক এলাকা। এখানে কোন সভা-সমাবেশের অনুমতি নেই। এছাড়া এ অনুষ্ঠানের জন্য মার্কেট কর্তৃপক্ষ ও প্রশাসেনর অনুমতি নেয়া হয়নি।’

ওসি আরো বলেন, ‘গতকাল শনিবার রাতে মার্কেট কর্তৃপক্ষ থানায় অভিযোগ করেছে। এজন্য আমি মঞ্চ ভেঙ্গে ফেলার নির্দেশ দিয়েছি।’

অনুষ্ঠানের অনুমতি নেয়া হয়েছিল কি না জানতে চাইলে বিএনপির গুলশান থানা শাখার সহ-সভাপতি ফারুক হোসাইন ভুইয়া সাংবাদিকদেরকে বলেন, ‘মঞ্চ তৈরির জন্য অনুমিত না দেয়া হলেও অনুষ্ঠানের জন্য অনুমতি দেয়া হয়েছিল। এ কারণে প্রশাসন বলার সঙ্গে সঙ্গে আমরা মঞ্চটি ভেঙ্গে ফেলেছি।’

প্রসঙ্গত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করছে বিএনপি। গতকাল শনিবার রাজধানীর ২৫টি স্পটে খাবার বিতরণ করা হয়। আজ রোববারও গুলশান ডিসিসি নর্থ সুপার মার্কেটে খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানস্থলে সকাল ১১ টার সময় বিএনপি চেয়ারপারসনের আসার কথা রয়েছে।

About admin