ব্রেকিং নিউজ

৩৬তম বিসিএসের প্রজ্ঞাপন জারি

3_199265দুই হাজার ১৮০টি শূন্য পদে নিয়োগের জন্য ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার বিকেলে ৩৬তম বিসিএসের এ বিজ্ঞপ্তি জারি করা হয়। এ দিন বিকালেই পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৬তম বিসিএসে প্রশাসনে ২৫০ জন, পুলিশে ১২০ জন, আনসারে ১৯ জনসহ সাধারণ ক্যাডারে ৫৪২ জনকে প্রথম শ্রেণির (গেজেটেড) কর্মকর্তা পদে নিয়োগ দেয়া হবে। এছাড়া প্রফেশনাল, টেকনিক্যাল এবং প্রফেশনাল/টেকনিক্যাল ক্যাডারে ৭৪০ জন, সাধারণ শিক্ষা ক্যাডারে ৮৯৪ জন এবং কারিগরি শিক্ষা ক্যাডারে চার জনকে নিয়োগ দেবে সরকার। তবে বিভিন্ন কারণে পদসংখ্যা পরিবর্তন হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এতে আরো বলা হয়েছে- অনলাইনে আবেদন ফরম পুরণ ও ফি জমা দেয়ার সময় শুরু ১৪ জুন থেকে। আগামী ২৩ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদনপত্র জমা দেয়া যাবে। আর ইউজার আইডিপ্রাপ্ত প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে অর্থাৎ ২৬ জুলাই সন্ধ্যা ৬টার মধ্যে এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে পারবেন।

মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্দা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা, প্রতিবন্ধী প্রার্থী ও বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের প্রার্থী ছাড়া অন্য সব ক্যাডারের জন্য ২১ থেকে ৩০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে সাধারণ শিক্ষা ক্যাডারের জন্য শুধুমাত্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থীর বেলায় ২১ থেকে ৩২ বছর বয়স গণনা করা হবে।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন বলেন, দুই হাজার ১৮০টি পদের বিপরীতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে পারে বলে তিনি জানান।

পিএসসি সূত্র জানায়, পরিবর্তিত নীতিমালা অনুযায়ী, পরীক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্নে পরীক্ষা হবে দুই ঘণ্টায়। প্রতি ভুল প্রশ্নে ০.০৫ নম্বর কাটা যাবে।

সাধারণ প্রার্থীদের জন্য পরীক্ষার ফি ৭০০ টাকা এবং প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বা তৃতীয় লিঙ্গের জন্য ১০০ টাকা ফি ধরা হয়েছে। –