ব্রেকিং নিউজ

বাজেট অধিবেশন শুরু

সোমবার, ১ জুন, ২০১৫

সিনিয়র করেসপোনডেন্ট, সিটিজিবার্তা২৪ডটকম

Budget

ঢাকা ঃ দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশন সোমবার বিকেল সাড়ে ৫টায় শুরু হয়েছে।

এটি বর্তমান জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়।

শুরুতেই বিগত পঞ্চম অধিবেশন থেকে এ পর্যন্ত মৃত্যুবরণ করা বিশিষ্ট ব্যক্তি এবং সংসদ সদস্যদের নামে শোক প্রস্তাব উত্থাপন করা হয়।

এরপর নিয়ম অনুযায়ী অধিবেশন পরিচালনার জন্য প্যানেল সভাপতি নির্বাচন করা হয়। সংসদে স্পিকার, ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে মনোনীত পাঁচজন প্যানেল সভাপতি সংসদ কার্যে সভাপতিত্ব করে থাকেন।

এর আগে বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও বিরোধীদলীয় নেতা এবং সিনিয়র সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় নির্ধারণ করা হয় সদ্য শুরু হওয়া বাজেট অধিবেশনের মেয়াদ এবং আলোচনার সময়।

এ বাজেট অধিবেশনে আগামী ৪ জুন (বৃহস্পতিবার) ২০১৫-১৬ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বাজেট উত্থাপনের পর সরকারি দল এবং বিরোধীদলীয় সংসদ সদস্য ছাড়াও অন্যান্য দলের সদস্যরা উত্থাপিত বাজেটের ওপর আলোচনা করবেন। এরপর আগামী ৩০ জুন প্রস্তাবিত বাজেট পাস হবে। শুরু হবে নতুন অর্থবছর ২০১৫-১৬।

গত ১১ মে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

সংসদ সচিবালয় থেকে জানানো হয়, বাজেট অধিবেশনে বাজেট কার্যক্রমের বাইরে বেশ ক’টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন ও পাস হতে পারে। একনেকের বৈঠকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহের জন্য বরাদ্দসহ আগামী অর্থবছরের জন্য মোট ১ লাখ ৯৯৭ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন দেয়া হয়েছে। গত ১৪ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেয়া হয়।

এর আগে গত ১৯ জানুয়ারি দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন শুরু হয়ে গত ২ এপ্রিল শেষ হয়। বছরের প্রথম অধিবেশন হিসাবে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ওই দিন সংসদে ভাষণ দেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর ৩৭ কার্য দিবসে প্রায় ৬০ ঘণ্টা ৩০ মিনিট আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় ২৩৬ জন সংসদ সদস্য অংশগ্রহণ করেন।

About admin