চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল এন্ড কলেজকে সিটি কর্পোরেশনে অধিভূক্ত করার ঘোষণা
শনিবার, ৫ মার্চ, ২০১৬
রাশেদুল করিম
সিটিজিবার্তা২৪ডটকম, চট্টগ্রাম : শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ শ্রেষ্ঠ বিনিয়োগ। এখানে ব্যবসা বাণিজ্যের মতো তাৎক্ষনিক অর্থনৈতিকভাবে লাভবান হওয়া না গেলেও সুদুর প্রসারী লাভবান হওয়া যায়। একটি জাতিকে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে উন্নয়নের উচ্চ শিখরে আরোহন করতে হলে সর্বাগ্রে প্রয়োজন শিক্ষার উপর গুরুত্বারোপ করা প্রয়োজন বলেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন ।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন শিক্ষা খাতে প্রতি বছর প্রায় ৪০ কোটি টাকা ভর্তুকি দিয়ে যাচ্ছে। জাতি গঠনের শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে শিক্ষা। শিক্ষা এমন একটি পদ্ধতি যার মাধ্যমে জ্ঞান ও দক্ষতা অর্জন করা সম্ভব। একটি জাতিকে উন্নত করার পিছনে শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন অপরিহার্য। বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে অনেক দুর এগিয়ে গেছে। বাংলাদেশ উন্নয়নের এখন রোল মডেল । বাংলাদেশ নিম্ন মধ্য আয়ের দেশে পরিনত হয়েছে। ২০২১ সনের মধ্যে উচ্চ মধ্য আয়ের দেশে পরিনত হবে। তিনি বলেন, উন্নয়নের একটি উল্লেখযোগ্য সূচক হল শিক্ষা। মানব সম্পদ উন্নয়নে শিক্ষার ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ।
শনিবার, সকালে চন্দনপুরা গুল-এজার বেগম সিটি কর্পোরেশন মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা ও স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও কাউন্সিলর নাজমুল হক ডিউক, মোহাম্মদ গিয়াস উদ্দিন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মিসেস আঞ্জুমান আরা বেগম, সিটি কর্পোরেশনের সচিব রশিদ আহমদ, প্রধান শিক্ষা কর্মকর্তা মিসেস নাজিয়া শিরিন, কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য অধ্যক্ষ মো. হামিদ হোছাইন, প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, গুল-এজার বেগম সিটি কর্পোরেশন মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী আকবর ও অভিভাবক সদস্য মো. খসরু হোছাইন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যো সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন আরো বলেন, ছাত্র সমাজ দেশ গঠনের মূল চালিকা শক্তি। ছাত্ররাই সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেবে। মহান স্বাধীনতা যুদ্ধে ছাত্র সমাজের ভূমিকা অবিস্মরণীয়। মেয়র বলেন, শিক্ষকতা একটি মহৎ পেশা। এ পেশার মর্যাদা অন্য পেশার চেয়ে অনেক বেশী সম্মানীয়।
চসিক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি করা হয়েছে। শিক্ষার্থীরা আমাদের সম্পদ। ছাত্র-ছাত্রীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা শিক্ষকদের প্রধান দায়িত্ব। শিক্ষার্থীদের সৎ, চরিত্রবান, নীতি-নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা দিতে হবে। প্রত্যেকটি ছাত্র-ছাত্রী লক্ষ্য নির্ধারণ করে লেখা পড়ার প্রতি মনোযোগী হতে হবে।
মেয়র বলেন, চট্টগ্রাম মহানগরীতে শিক্ষার্থীর তুলনায় শিক্ষা প্রতিষ্ঠান অপ্রতুল। তাই নগরীর বিভিন্ন ওয়ার্ডে নতুন নতুন স্কুল ও কলেজ প্রতিষ্ঠা এবং কোন শিক্ষা প্রতিষ্ঠানে ডবল শিফ্ট চালুর মাধ্যমে নগরীর শিক্ষা সংকট নিরসনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
অনুষ্ঠানে সিটি মেয়র চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল এন্ড কলেজকে সিটি কর্পোরেশনে অধিভূক্ত করার ঘোষণা দেন।
মেয়র বলেন, চট্টগ্রাম আমাদের শহর, এ শহরকে ক্লিন ও গ্রিন সিটিতে পরিণত করার লক্ষ্যে আমি কাজ শুরু করেছি। শহরকে পরিপূর্ণ, পরিচ্ছন্ন রাখার জন্য আমি বিশেষ কর্মসূচি হাতে নিয়েছি। এ শহরকে আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার জন্য ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের অগ্রনী ভূমিকা পালন করার আহবান জানান। অনুষ্ঠানে শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।
কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউন্সিলর জহর লাল হাজারী এবং গুল-এজার বেগম সিটি কর্পোরেশন মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু।

