মঙ্গলবার, ১৫ মার্চ ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম : বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান পদত্যাগ করায় ব্যাংকটির ডেপুটি গভর্নর-১ মো. আবুল কাশেমকে গভর্নরের অন্তর্বর্তী দায়িত্ব দেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।
রিজার্ভের অর্থ খোয়া যাওয়ার ঘটনায় এরআগে মঙ্গলবার সকালে গভর্নরের পদ ছাড়েন ড. আতিউর রহমান।
বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেন তিনি।
এর আগে সকালে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের ড. আতিউর বলেন, ‘আমি চলে গেলে যদি দেশের ভালো হয় তবে আমি দায়িত্ব ছেড়ে দিতে প্রস্তুত। আমি প্রধানমন্ত্রীর ডাকের অপেক্ষায় আছি। তিনি আমাকে নিয়োগ দিয়েছেন তিনি যদি বলেন তাহলে যেকোনো মুহূর্তে পদত্যাগ করব।’
সোমবার বিকেলে ভারত সফর শেষে দেশে ফিরেন ড. আতিউর রহমান; পরে রাতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে তার বাসায় গিয়ে দেখা করেন তিনি। জানা গেছে, সেখানে অর্থমন্ত্রী তাকে বলেন, তিনি সরে গেলে বাংলাদেশ ব্যাংকের ভালো হবে।
অর্থমন্ত্রণালয় সূত্রে জানা যায়, গভর্নর ড. আতিউর রহমান পদত্যাগ করার পর ডেপুটি গভর্নর মো. আবুল কাশেমকে বাংলাদেশ ব্যাংকের অন্তর্বর্তী গভর্নরের দায়িত্ব দেওয়া হয়েছে।
