টেকনাফে বিজিবি-বিজিপির মধ্যে পতাকা বৈঠক
সোমবার, ২১ মার্চ ২০১৬ ১৬:৫০ ঘন্টা
সিটিজিবার্তা২৪ডটকম
আবদুল্লাহ মনির : টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১ টায় টেকনাফ স্থলবন্দর মালঞ্চ রেস্ট হাউজে বিজিবি ও বিজিপির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ৮ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বদেন ২ বর্ডার গার্ড ব্যাটলিয়ান অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ। অপরদিকে মিয়ানমার ৬ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বদেন ১ নং বর্ডার গার্ড পুলিশের পরিচালক লে. কর্নেল কেউ থাই যা। ওই বৈঠক দুপুর ১২টা পর্যন্ত চলে।
২ বর্ডার গার্ড ব্যাটলিয়ান অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, এ পতাকা বৈঠক দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়। ইয়াবা, মানবপাচার ও রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে দুই দেশ যৌথ ভাবে কাজ করার ঐক্যমত পোষণ করেন। সাগর পথে ইয়াবা পাচার বন্ধে শীঘ্রই দুদেশ যৌথ টাস্কফোর্স সাগরে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরো জানান, মিয়ানমার পক্ষ থেকে কিছু সন্ত্রাসী বাংলাদেশে অবস্থানের তথ্য দেওয়া হয়েছে। তা আমরা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। তাদের সীমান্তে কোন ইয়াবার কারখানা নেই বলে দাবি করা হয়, যদি কারখানার সন্ধান থাকে আমাদের জানান আমরা ব্যবস্থা নেব। তবে ভবিষ্যতে দুদেশের মধ্যে আরও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পরস্পরের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।

