মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬
জেলা প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম
লক্ষ্মীপুর : জেলার কমলনগর উপজেলার ৪টি ইউনিয়নে বিএনপির প্রার্থীরা ভোট বর্জন করেছেন।
মঙ্গলবার সাড়ে ১১টার দিকে কমলনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তারা ভোট বর্জনের ঘোষণা দেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তারা এ ভোট বর্জন করেন।
বর্জনকারী বিএনপির প্রার্থীরা হলেন- হাজিরহাট ইউনিয়নের ফরহাদ হোসেন মিয়া, চরফলকন ইউনিয়নের আবদুল ওদুদ হাওলাদার, পাটোয়ারীরহাট ইউনিয়নে অধ্যাপক জামাল উদ্দিন তালুকদার ও তোরাবগঞ্জ ইউনিয়নে মো. মোসলেহ উদ্দিন।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি ও পাটোয়ারিরহাট ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক জামাল উদ্দিন তালুকদার জানান, সরকারদলীয় লোকজন ককটেল বিস্ফোরণ করে কেন্দ্র দখল করে তার এজেন্টদের মারধর করে বের করে দেয়। এতে তার বেশ কয়েকজন কর্মী-সমর্থক আহত হন। এমন পরিস্থিতিতে দলীয় সিদ্ধান্তে বিএনপি নির্বাচন বর্জন করেছেন। সংবাদ সম্মেলনে কমলনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
প্রথম দফা নির্বাচনে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ৪টি এবং রামগতি উপজেলায় ২টি ইউনিয়নের ভোটগ্রহণ চলছে।

