বিনোদন বার্তা, সিটিজিবার্তা২৪ডটকম
বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০১৬ ভোর সকাল ০৫:০৮ ঘন্টা
শুভ বাংলা নববর্ষ ১৪২৩। সিটিজিবার্তা২৪ডটকম পাঠকদেরকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা।
বাংলা নতুন বছরের পথচলা শুরু হয়ে গেছে পূর্বের আকাশে সূর্য উদয়ের সাথে সাথে। বাঙ্গালীরা ধর্ম-বর্ণ নির্বিশেষে মেতে ওঠেছে পহেলা বৈশাখ উদযাপনে আজ সারাদিন। বাংলা নববর্ষ উদযাপনে নানা আয়োজনে মুখরিত সারাদেশ। ছোটপর্দা, বড়পর্দার পাশাপাশি দিনভর আয়োজিত নানা অনুষ্ঠানে বিনোদিত হবেন সবাই।
আজ পহেলা বৈশাখে দেশসেরা ব্যান্ডদলগুলো ও শিল্পীরা মাতাবেন কনসার্ট দিয়ে। খোলা মাঠে বিকেলের মধ্যেই সরকারী নিষেধাজ্ঞায় কনসার্ট থামলেও ইনডোরে চলবে রাতব্যাপী। কোথায় কোন কনসার্টে কারা গাইবেন তা তুলে ধরা হলো সিটিজিবার্তা২৪ডটকমের পাঠকদের জন্য।
ধানমণ্ডি আবাহনী মাঠে আইয়ুব বাচ্চু
বরাবরের মতো এবারও পহেলা বৈশাখে ধানমন্ডির আবাহনী মাঠে রয়েছে তারকাবহুল এক কনসার্ট। এতে প্রধান আকর্ষণ ব্যান্ড এলআরবি। দেশসেরা ব্যান্ডের লিজেন্ড আইয়ুব বাচ্চু মঞ্চে উঠবেন শেষ বিকেলে। দুপুর ১২ থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এ আয়োজন। এলআরবি’র পাশাপাশি কনসার্টে আরও অংশ নিবে ফিডব্যাক, দলছুট, ‘বাউল এক্সপ্রেস’ ও ‘ম্যাজিক বাউলিয়ানা’র সেরা শিল্পীদের নিয়ে গঠিত গানের দল। মাছরাঙা টেলিভিশনে পুরো আয়োজনটি সরাসরি সম্প্রচার করবে।
ধানমন্ডির শেখ জামাল মাঠে নগর বাউল জেমস
পহেলা বৈশাখে ধানমন্ডির শেখ জামাল মাঠেও থাকছে ‘রাঙানো বৈশাখ’ নামের আয়োজন। এতে মূল আকর্ষণ দেশ সেরা ব্যান্ড নগর বাউল জেমস। শ্রোতাদের গান শোনাতে বিশ্বমাতানো গুরু জেমস মঞ্চে উঠবেন দুপুর ৩টায়। কনসার্টে আরও অংশ নিবেন আঁখি আলমগীর, টুনটুন বাউল, ফকির শাহাবুদ্দিন, রন্টি দাশ, দিঠি আনোয়ার, চম্পা বণিক, অনিমা রায়, প্রিয়াংকা গোপ, ইউসুফ আলী খান, মনির, শাহীন, নিরূপম, তানজিম ও ভাইকিংস ব্যান্ড। দিনব্যাপী এ অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি এতে থাকছে দেশীয় সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন অনুষঙ্গ যেমন-লাঠি খেলা, বায়োস্কোপ, পাতা খেলা, বৈশাখী মেলা, বাদর নাচ প্রভৃতি।
টিএসসিতে বাপ্পা মজুমদার ও শিরোনামহীন
বরাবরের মতো ঢাকা বিশবিদ্যালয়ের টিএসসি চত্বরে বসবে বাংলাদেশের সব জনপ্রিয় ব্যান্ডদের আসর। বিকেল ৪টা থেকে শুরু হওয়া এ কনসার্ট চলবে রাত পর্যন্ত।
চট্টগ্রাম ফয়ে’স লেকে কনসার্ট
পহেলা বৈশাখ উপলক্ষে আগামীকাল শুক্রবার ১৫ এপ্রিল চট্টগ্রামের ফয়’স লেকে অনুষ্ঠিত হবে বৈশাখী লাইভ কনসার্ট। এতে গান পরিবেশন করবেন জনপ্রিয় ব্যান্ড দল এলআরবি, মিলেনিয়াম ও সাসটেইন ফয়’স লেকে দর্শক মাতাবেন।
ফ্যান্টাসি কিংডমে ৭ম বারের মতো আয়োজন করেছে ‘৭ম বৈশাখী কনসার্ট’
ফ্যান্টাসি কিংডমে ৭ম বারের মতো আয়োজন করেছে ‘৭ম বৈশাখী কনসার্ট’এখানে গান পরিবেশন করবে ফিডব্যাক, বাপ্পা মজুমদার, শিরোনামহীন ও ব্যান্ড নাগরিক। বিগত সাত বছর ধরেই তারা এ অনুষ্ঠানের আয়োজন করে আসছে। পহেলা বৈশাখ বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে শুরু হবে এ অনুষ্ঠান।
যমুনা ফিউচার পার্কে বৈশাখি লাইভ কনসার্ট
পহেলা বৈশাখ উপলক্ষে যমুনা ফিউচার পার্ক প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে ‘পহেলা বৈশাখ লাইভ কনসার্ট অ্যাট যমুনা ফিউচার পার্ক ‘। এখানে গান পরিবেশন করবে ফিডব্যাক, পরশি, ইমরান, রেডলাইন, জাহিদ রিপন, ইসলাম মানিক সহ আরও অনেকেই।
কলকাতার দীপান্বিতা আচার্য উত্তরা ক্লাবে
কলকাতার প্রখ্যাত লোকশিল্পী দীপান্বিতা আচার্য। বৈশাখ উপলক্ষে ঢাকায় আসছেন এই সংগীতশিল্পী। ১৩ এপ্রিল রাতের ফ্লাইটে তার ঢাকায় এসে পৌছেছেন। আজ ১৪ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর উত্তরা ক্লাবে তিনি সংগীত পরিবেশন করবেন।
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দলছুট, শূন্য
অন্যদিকে প্রায় প্রতিটি সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয় আয়োজন করে থাকে কনসার্টের। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তাদের অনুষ্ঠান শুরু করবে র্যালি দিয়ে। এরপর বিকেলে জনপ্রিয় ব্যান্ড এলআরবি, দলছুট, শূন্য ও বাউল সংগীতের পরিবেশনা চলবে রাত পর্যন্ত।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ভাইকিংস : পহেলা বৈশাখে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে সংগীত পরিবেশন করবে ভাইকিংস। এদিন বেশা ১১টায় শুরু হবে তাদের পরিবেশনা। জানা গেছে, এতে ১০-১২টি গান গাইবেন তারা।
বাংলাদেশ মেডিকেলে শিরোনামহীন
বাংলাদেশ মেডিকেলে থাকছে ব্যান্ড শিরোনামহীনের পরিবেশনা।
পাবনায় বৈশাখী উৎসব : প্রতিবারের মতো এবারও পাবনার এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে পয়লা বৈশাখে অনুষ্ঠিত হবে নববর্ষের কনসার্ট ‘বৈশাখী উৎসব’। এতে সংগীত পরিবেশন করবেন- আঁখি আলমগীর, রিংকু, কণা, জলের গান, সিঁথি, টিনা প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আমব্রিন, আলিফ ও সোনিয়া হোসেন। সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পাবনা থেকে এনটিভি কনসার্টটি সরাসরি সম্প্রচার করবে।
রাজধানীর বাইরে সোলস, ফিডব্যাক
বৈশাখ উপলক্ষে আগামী ১৫ এপ্রিল রাজধানীর অদূরে অনুষ্ঠিত হবে বৈশাখী লাইভ কনসার্ট। এতে গান পরিবেশন করবেন জনপ্রিয় ব্যান্ড দল সোলস, ফিডব্যাক। তাছাড়াও গান পরিবেশন করবেন জনপ্রিয় সংগীতশিল্পী মিলা ও হাসান।
এছাড়াও ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন ফাইভ স্টার হোটেলে নেওয়া হয়েছে বৈশাখ উপলক্ষে কনসার্ট, ডিজে পার্টি ও স্পেশাল ডিনারের ব্যাবস্থা।

