শনিবার, ২৩ এপ্রিল ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার যে ধরন তা ব্লগারদের হত্যার ধরনের সঙ্গে শতভাগ মিল রয়েছে বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার মো. শামসুদ্দিন।
শনিবার বেলা সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে এ কথা বলেন তিনি। পুলিশ কমিশনার বলেন, ‘অধ্যাপক ড. রেজাউলের ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল এমনটি পাওয়া যায়নি এখনও। পারিবারিক সূত্রে কথা বলে দেখলাম- কেউ কোনো সময় তাকে হুমকি বা ভয়-ভীতি দেখিয়েছে কিনা? কিন্তু তার স্ত্রী, সন্তানরা কেউ এমনটা কখনও শোনেননি বা জানেনও না। তাই ব্যক্তিগত শত্রুতার বিষয়টি তেমন দেখা যাচ্ছে না। তবুও বিষয়টি সামনে রাখা হয়েছে।’
আরএমপি কমিশনার বলেন, ‘তিনি বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক গ্রুপও করতেন না। তবে পুলিশ যতদূর জানতে পেরেছে তিনি লেখালেখি করতেন। তবে কোথায় লিখেন বা কি নামে লিখতেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। যদি লেখালেখির সঙ্গে যুক্ত থাকেন তবে সম্প্রতি ব্লগার হত্যার ধারাবাহিকতায় সেদিক দিয়ে তদন্ত করবে পুলিশ। কারণ, হত্যার যে ধরন তা ব্লগারদের হত্যার ধরনের সঙ্গে শতভাগ মিল রয়েছে।’ তিনি বলেন, ‘ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা পেছন থেকে তার ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়েছে। এতে তার ঘাড়ের ৭০-৮০ শতাংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘাড়ে বড় বড় মোট তিনটি কোপ রয়েছে। ঘটনাস্থলেই মার্ডার হয়েছে। এসব ক্লু দেখে প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর ধারাবাহিক ব্লগার হত্যাকাণ্ডের বিষয়টি সামনে রাখতেই হচ্ছে।’
প্রসঙ্গত, সকাল সাড়ে ৭টার দিকে রাবির ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। রাজশাহী নগরীর শালবাগান এলাকায় তার বাসার মাত্র ১০০ গজ দূরে তাকে কুপিয়ে হত্যা করা হয়। বিশ্ববিদ্যালয় যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়গামী বাসের জন্য অপেক্ষা করছিলেন তিনি। সেসময় ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
