নিজস্ব সংবাদ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম
বৃহস্পতিবার, ৫ মে ২০১৬ ১৬:৪৫ ঘন্টা
চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে কোন বেআইনি দৈনিক পত্রিকা ও অনলাইনসহ সকল প্রকার প্রকাশনা আর থাকছেনা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহার করা যাবে না। যদি কেউ এসব প্রকাশনার সাথে জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড.কামরুল হুদা বিষয়টি সাংবাদিকদেরকে জানিয়েছেন।
ড.কামরুল হুদা বলেন, ‘বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের অনুমতি ব্যতিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহার করে দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকা, ত্রৈমাসিক, ষান্মাসিক ও বাৎসরিক প্রকাশনা, বিশেষ পত্রিকা এবং বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্পূর্ণভাবে বেআইনী। এ সমস্ত বেআইনী কার্যক্রমের সাথে যারা জড়িত তাদেরকে বিরত থাকার জন্য সতর্ক করা যাচ্ছে, অন্যথায় তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার চৌধুরী বলেন, ‘এ সংক্রান্ত একটি আদেশ জারি হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে কেউ এ সমস্ত প্রকাশনা বের করছে কিনা তা আমরা পর্যবেক্ষণে রেখেছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নামে যে কোনো পত্রিকা হউক বা পেইজও হউক। এ সমস্ত কার্যক্রমের সাথে যে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে সাথে সাথে আইনমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

