খেলাডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম
সোমবার, ৯ মে ২০১৬
ডিপিএলে বিকেএসপির ৩ নম্বর মাঠে যে কয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে তার অধিকাংশ ম্যাচই বৃষ্টির বাগড়ায় পড়েছে। আজও তার ব্যতিক্রম হয়নি।
ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের ম্যাচে বিকেএসপির ৩ নম্বর মাঠে আজ মুখোমুখি হয় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন।
প্রথমে ব্যাট করে ৪৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪৯ রান সংগ্রহ করে প্রাইম ব্যাংক। জবাবে ৪২.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৩ রান তোলার পর বৃষ্টি এসে হানা দেয়। বৃষ্টি শেষ হলেও মাঠ খেলার উপযুক্ত না থাকায় আম্পায়ার ও ম্যাচ অফিসিয়ালসরা দ্বারস্ত হন ডিএল মেথডের। আর সেই বৃষ্টি আইনে ব্রাদার্স ইউনিয়ন ৭ রানে জয় পায়।
ব্রাদার্সের এমন জয়ে অবদান রাখেন শাহরিয়ার নাফীস ও তুষার ইমরান। নাফীস ১২৬ বলে ৮ চার ও ১ ছক্কায় অপরাজিত ৮৪ রান করেন। ৪১টি রান আসে অধিনায়ক তুষার ইমরানের ব্যাট থেকে। এ ছাড়া ৩৫ রান করেন জাকির হোসেন। মূল্যবান ২০টি রান আসে ইমরুল কায়েসের ব্যাট থেকে। ব্রাদার্সের যে তিনটি উইকেটের পতন ঘটেছে তার ২টি নিয়েছেন প্রাইম ব্যাংকের শিহান জয়সুরিয়া। অপর উইকেটটি নেন সাব্বির রহমান।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শিহান জয়সুরিয়ার ৬৩, শানাজ আহমেদের ৪৩, মেহেদী মারুফের ৩৬ ও নুরুল হাসানের ৩৪ রানে ভর করে সবকটি উইকেট হারিয়ে ২৪৯ রান সংগ্রহ করে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
বল হাতে ব্রাদার্সের নূর আলম ৩টি, তুষার ইমরান ২টি, সিদ্দিকুর রহমান ২টি উইকেট নেন। এ ছাড়া ১টি করে উইকেট নেন নাবিল সামাদ, আসিফ হাসান ও সঞ্জিত সাহা।
বল হাতে ২ উইকেট ও ব্যাট হাতে ৪১ রান করে ম্যাচসেরা নির্বাচিত হন ব্রাদার্সের অধিনায়ক তুষার ইমরান।

