নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম
শনিবার, ৭ মে ২০১৬

মহানগর আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় জামাল খান রীমা কনভেনশন সেন্টারে বিকেলে নগর আওয়ামীলীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন এভাবে হাসিঠাট্টায় আলাপআলোচনা করেন দুই সপ্তাহ ধরে চলে আসা বিরোধের সমাপ্তি করে।
চট্টগ্রাম : নগর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী ও সিটি কর্পোরশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন বেশ কয়েকদিন ধরে দু’জন দুই মেরুতে অবস্থান নিয়ে একে অপরের বিরুদ্ধে বাকযুদ্ধে লিপ্ত হলেও শুক্রবার একমঞ্চে এসে হাসিঠাট্টা ও আলাপচারিতা করেছেন। পাশাপাশি বসে দুজন একে অপরের সাথে হাসিমুখে দীর্ঘসময় আলাপআলোচনা করেছেন।
গতকাল শুক্রবার (৬ মে) বিকেলে নগরীর জামাল খান রীমা কনভেনশন সেন্টারে নগর আওয়ামীলীগের এক আলোচনা সভায় গত দুই সপ্তাহ ধরে ‘বাকযুদ্ধ’ চলে আসা ‘গুরু-শিষ্যের’ মধ্যে এমন ‘অন্তরঙ্গ’ মুহূর্ত উপভোগ করেছেন মঞ্চের সামনে উপস্থিত দলীয় নেতাকর্মীরা।
বৃহত্তর চট্টগ্রাম জেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোজাফফর আহম্মদের ৪৫ তম মৃত্যুবার্ষিকী স্মরণে মহানগর আওয়ামীলীগ এ আলোচনা সভার আয়োজন করে।
নগরীর শীর্ষ এ দুই নেতা মহিউদ্দিন-নাছির গত দুই সপ্তাহ ধরে বিভিন্ন সভা-সমাবেশে প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে কাদা ছোঁড়াছুঁড়ি এবং মে দিবসে আলাদাভাবে সমাবেশ করলেও শুক্রবার তারা একমঞ্চে বসে কেউ কারও বিরুদ্ধে কোনো প্রকার কথা বলেননি। বরং একে অপরের সাথে কথা বলার ফাঁকে ফাঁকে হাসিখুশিতে মেতে উঠেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা নগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইসহাক মিয়া দুই নেতাকে ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে চট্টগ্রামের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
আওয়ামীলীগের প্রবীণ নেতা ইসহাক মিয়া তাদের দু’জনকে উদ্দেশ করে বলেন, ‘দেশের এমন পরিস্থিতিতে আপনারা এভাবে একে অপরের বিরুদ্ধে প্রকাশ্যে বাক্য বিনিময় করতেছেন তা দলের জন্য ভালো হচ্ছে না। আপনারা দু’জনে একসাথে মিলেমিশে কাজ করেন।’
সভায় দুই নেতাকে পরামর্শ দেওয়া প্রসঙ্গে ইসহাক মিয়া সাংবাদিকদের বলেন, ‘সভায় মহিউদ্দিনের সাথে আলাপচারিতায় আমি তাকে বলেছি, যেসব করতেছেন তা দলের জন্য সুন্দর হচ্ছে না। নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টি করে গন্ডগোল না করে মিলেমিশে কাজ করেন।’
তিনি বলেন ‘আমি সংগঠনের উপদেষ্টা হিসেবে তাদের পরামর্শ দিয়েছি। আশা করছি আগামীতে তারা উভয়প আর কোনপ্রকার গোলমাল করবে না’।
উল্লেখ্য, বিগত বেশ কিছুদিন ধরে নগরবাসীর ‘কর’ আদায়ের ইস্যু নিয়ে মহিউদ্দিন-নাছির একে অপরের বিরুদ্ধে সমালোচনা করে আসছেন। মে দিবসে নগরীতে দুই নেতা একই সময়ে একই ব্যানারে ৫০০ গজ দূরত্বে পৃথক সমাবেশ করে পরস্পরকে উদ্দেশ করে কড়া ভাষায় অভিযোগের তীর ছুঁড়েছেন।
তারো আগে গত ২৯ মার্চ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ছাত্র মেয়র আজম নাছির পন্থি নগর ছাত্রলীগ সদস্য নাসিম আহমেদ সোহেল খুনের ঘটনার পর থেকে দুই নেতার মধ্যে স্নায়ুযুদ্ধ চলে আসছিল।
সম্প্রতি মে দিবসে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ‘কর’ ইস্যুতে দুই নেতার মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নেয়।
অবশ্য গত বছর সিটি কর্পোরেশনের নির্বাচনের পর থেকে দুই নেতার মধ্যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব চলে আসছিল।
