নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম
বুধবার, ১৮ মে ২০১৬
সিলেট জেলা ছাত্রলীগের বহুল আলোচিত সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপু আদালতের হাজতখানায় থাকা অবস্থায় তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে একটি স্ট্যাটাস দেয়া নিয়ে তোলপাড় শুরু হয়েছে। অনেকেই মনে করছেন তাহলে কি হাজত খানায়ও মোবাইল ফোন ব্যবহার করতে পারেন আসামীরা।
‘সিটিজিবার্তা২৪ডটকম’ পাঠকদের জন্য নিপুর ওই স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো:-
“নেতাজি মনে রাখিয়েন আপনি যে নীতি অবলম্বন করে চলেছেন সেই রাজনীতি শিক্ষা আমাকে দিয়েছেন আমিও কিন্ত শিক্ষা নিয়েছি। আমি ছাত্রলীগের রাজনীতি করি বঙ্গবন্ধুকে ভালোবেসে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে। দলের ভাবমূর্তিতে যাতে কোনোরকম দাগ না পড়ে সেজন্য নিজেকে সচেষ্ট রেখেছি। সংযত ও সচেষ্ট থেকেছি যাতে সংগঠনের বদনাম না হয় তাই আজ আছি জেল হাজতে হেফাজতে”।
এর আগে সিপিবির সমাবেশে হামলা, সরকারি কর্মকর্তাকে হুমকি, এমসি কলেজের জায়গা দখলসহ নানা অভিযোগে অভিযুক্ত নিপুকে রোববার রাতে নগরীর শহরতলী বালুচর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
সোমবার দুপুরে নিপুকে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরোর আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। এসময় আদালতের হাজতে থাকাবস্থায় নিপু তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে নিজের অবস্থান জানান দেন। স্ট্যাটাস দেওয়ার পরেই নানা মহলে চলছে আলোচনা-সমালোচনা।
প্রসঙ্গত, ২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর সিলেট নগরীর কোর্ট পয়েন্টে সিপিবি-বাসদের সমাবেশে হিরণ মাহমুদ নিপুর নেতৃত্বে হামলা চালানো হয়। হামলায় সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলামা সেলিমসহ কয়েকজন আহত হন।
এছাড়া, সম্প্রতি সিলেট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিমকে নিজ অফিসে গিয়ে হত্যার হুমকি দেয়ার অভিযোগ ওঠে নিপুর বিরুদ্ধে। পরবর্তীতে প্রকৌশলী হুমকি পেয়ে থানায় দু’টি জিডিও দায়ের করেছেন।
এছাড়া, সিলেট এমসি কলেজের জায়গা দখল ছাড়াও বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে নিপুর বিরুদ্ধে।

