প্রকাশিত : রাত ০৮:১৫ মি:
সিটিজিবার্তা২৪ডটকম, নিউজ ডেস্ক
চট্টগ্রাম : চট্টগ্রামের সিআরবিতে জোড়া খুনের ঘটনায় ৬২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছেন মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। ২৮ মাস আগে কোটি টাকার দরপত্র নিয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তরের (সিআরবি) সামনে ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষে শিশুসহ জোড়া খুনের ঘটনা ঘটে। ওই ঘটনায় আজ সোমবার বিকেলে চট্টগ্রাম আদালতে এ অভিযোগপত্র দেওয়া হয়েছে।
অভিযোগপত্রে যুবলীগের কেন্দ্রীয় কমিটি থেকে বহিষ্কৃত হেলাল আকবর চৌধুরী ওরফে বাবর, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি থেকে বহিষ্কৃত সাইফুল আলম ওরফে লিমন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বর্তমান সভাপতি আলমগীর টিপুসহ ৬২ জনকে অভিযুক্ত করা হয়েছে।
২০১৩ সালের ২৪ জুন চট্টগ্রাম নগরের সিআরবির সামনে বাবর ও লিমনের অনুসারীদের মধ্যে সংঘর্ষে যুবলীগের কর্মী সাজু পালিত (২৮) ও শিশু আরমান (৮) নিহত হয়। এ ঘটনার পর ওই দুই নেতাকে নিজ নিজ সংগঠন থেকে বহিষ্কার করা হয়। সংঘর্ষের ঘটনায় কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মহিবুর রহমান বাদী হয়ে বাবর-লিমনসহ ছাত্রলীগ-যুবলীগের ৮৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ৩০-৪০ জনকে আসামি করে নগরের কোতোয়ালি থানায় মামলা করেন। পরে নিহত সাজু পালিতের মা মিনতি পালিত বাদী হয়ে অজিত বিশ্বাসকে আসামি করে আদালতে হত্যা মামলা দায়ের করেন।
পুলিশের তদন্তে উঠে এসেছে, রেলের ১ কোটি ১০ লাখ টাকার দরপত্র নিয়ে বাবর ও লিমনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
মামলার তদন্ত কর্মকর্তা ও চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আতিক চৌধুরী আজ বিকেলে আদালত প্রাঙ্গণে বলেন, তদন্তে বাবর-লিমনসহ ৬২ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের অভিযোগপত্রভুক্ত আসামি করা হয়েছে। এঁদের মধ্যে এজাহারভুক্ত আসামি রয়েছেন ৬১ জন। তদন্তে শাহ আলম নামের এক ব্যক্তির নাম এসেছে।
অভিযোগপত্রভুক্ত ৬২ জন আসামির মধ্যে পলাতক ১২ জন, জামিনে রয়েছেন ৪৮ জন। বর্তমানে কারাগারে আটক আছেন আসামি অমিত মুহুরি ও শিমুল প্রসাদ। অভিযোগপত্রে ৩৭ জনকে সাক্ষী রাখা হয়েছে।
আতিক চৌধুরী বলেন, অভিযোগ প্রমাণিত না হওয়ায় এজাহারভুক্ত ২৬ আসামিকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রগুলো উদ্ধার করা যায়নি।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান জানান, জোড়া খুনের মামলায় ৬২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। এটি গ্রহণের শুনানির জন্য এখনো তারিখ নির্ধারিত হয়নি। সূত্র- প্রথম আলো
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন
