হুমায়ূনের বই নিয়ে বইমেলা

শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫

সিটিজিবার্তা২৪.কম

হুমায়ূনের বই নিয়ে বইমেলা

ঢাবি: বাংলাদেশের কিংবদন্তী কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৭তম জন্মদিন উপলক্ষে তার একক বইমেলার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর চত্বরে এই বইমেলার উদ্বোধন করেন তার ছোট ভাই মুহম্মদ জাফর ইকবাল।

এ সময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রকাশক সালেহ চৌধুরী, কথাশিল্পী জ্যোতিপ্রকাশ দত্ত, সাহিত্যিক পূরবী বসু, শিশুসাহিত্যিক ও মিডিয়া ব্যাক্তিত্ব ফরিদুর রেজা সাগর, হুমায়ূনের স্ত্রী মেহের আফরোজ শাওন প্রমুখ।

হুমায়ুন আহমেদের বইয়ের প্রকাশকরা সম্মিলিতভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেছেন। ৬৭টি রঙিন বেলুন উড়িয়ে হুমায়ূন আহমেদের বইমেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনের আগে সংক্ষিপ্ত বক্তব্যে অর্থমন্ত্রী মুহিত বলেন, কলকাতায় একটি বিশাল পাঠক শ্রেণী তারা তৈরি করতে পেরেছে। অত্যন্ত দুঃখজনক যে, আমাদের ঢাকা এখনো সে তুলনায় অনেক পিছিয়ে। কিন্তু আমি জোর গলায় বলতে পারি, এদেশে এক ব্যক্তি এককভাবে একটি পাঠক শ্রেণী তৈরি করে গেছেন, তিনি হুমায়ূন আহমেদ।

জ্যোতিপ্রকাশ দত্ত বলেন, হুমায়ূন আহমেদ স্পষ্ট-পরিচ্ছন্ন ও আমাদের জীবনের লেখক। যারা তার সিরিয়াস পাঠক, যারা মন দিয়ে তার বই পড়বেন, তারা বুঝতে পারবেন তিনি কী পরিমাণ শক্তিশালী লেখক ছিলেন।

জাফর ইকবাল বলেন, হুমায়ূন আহমেদ চলে যাওয়াতে আমাদের সাহিত্যে একটি শূন্যতা তৈরি হয়েছে। তার অনেক ভক্ত পাঠকের মতো আমারও মন খারাপ হয়।

হুমায়ূন আহমেদের বইয়ের সুন্দর ইংরেজি অনুবাদের জন্যে পদক্ষেপ নেয়ার আহ্বানও জানান তিনি।

মেহের আফরোজ শাওন বলেন, হুমায়ূন আহমেদ তার জীবনে পাঠকের ভালোবাসা ছাড়া আর কিছুই চাননি।

জনপ্রিয় এই কথাসাহিত্যিকের স্মৃতি ধরে রাখতে রাষ্ট্রীয় পর্যায়ে উদ্যোগ নেয়ার আহ্বানও জানানো হয় অনুষ্ঠান থেকে।

অনুষ্ঠানে হুমায়ূন আহমেদ রচিত ‘শিশু কিশোর রচনাবলীর ২য় খণ্ড’ ও ‘তোমাদের জন্যে রূপকথা’ নামে দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

শুক্রবার থেকে শুরু হওয়া এই বইমেলা চলবে ২১ নভেম্বর পর্যন্ত। সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে মেলা শেষ হবে রাত ৮টায়।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী

Inline