মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
স্পোর্টস ডেস্ক ঃ টিম কাহিলের হ্যাটট্রিকে সফরকারী অস্ট্রেলিয়া ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশকে। বাছাই পর্বের দ্বিতীয় লেগের ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সকারুদের আগ্রাসনে, ম্যাচের শুরু থেকেই মামুনুল – জামালরা ব্যস্ত ছিলেন রক্ষণ দুর্গ সামলাতে। এর আগে ৩ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই রক্ষণাত্মক বাংলাদেশকে চেপে ধরে অস্ট্রেলিয়া। ৬ মিনিটে অ্যারেন মুই’এর ফ্রি কিক থেকে গোল করে সফরকারীদের প্রথম লিড এনে দেন অজি দলের তারকা মিডফিল্ডার টিম কাহিল। ৩২ মিনিটে জটলা থেকে গোল করে লিডটা দ্বিগুণ করেন অভিজ্ঞ এই মিডফিল্ডার। এর ৫ মিনিট পর আবারো মুই- কাহিল জাদু। সফরকারীদের ব্যবধান বাড়ানোর সাথে হ্যাটট্রিকও পূরণ করেন কাহিল।
৪৫ মিনিটে মুই’এর ফ্রি কিক থেকে গোল করে ব্যবধানটা আরো বড় করেন অধিনায়ক জোডিনাক। ফলে ৪-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় সকারুরা। দ্বিতীয়ার্ধে, সফরকারীদের রক্ষণ দুর্গে ফাটল ধরাতে ব্যর্থ হয় লোপেজের শীষ্যরা। শেষ পর্যন্ত গোলরক্ষক শহিদুল আলমের দৃঢ়তায় কয়েক দফা রক্ষা পেলেও, ৪-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন