চট্টগ্রামে ১১ কোটি টাকা শুল্ক ফাঁকির মামলা

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম

CSTMচট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে লিবার্টি এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বন্ড সুবিধায় আনা কাঁচামাল দিয়ে তৈরি রপ্তানিযোগ্য পণ্য খোলা বাজারে বিক্রি করে ১১ কোটি টাকা শুল্ক ফাঁকির দায়ে মামলা দায়ের করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর ও তদন্ত বিভাগ।

এ ঘটনায় কাস্টমসের বন্ড কমিশনারের কাছে মঙ্গলবার সকালে একটি মামলা দায়ের করা হয়। এর আগে গতকালও একই মালিকের সানরাইজ এক্সসোসরিজ নামে অপর প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোটি টাকা শুল্ক ফাঁকির দায়ে মামলা করেছিল শুল্ক বিভাগ।

এ বিষয়ে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর ও তদন্ত বিভাগ চট্টগ্রামের উপ পরিচালক জাকির হোসেন বলেন, ‘বন্ড সুবিধায় আনা কাঁচামাল দিয়ে তৈরি রপ্তানিযোগ্য ৪৬ কোটি টাকার পণ্য হাটহাজারীর চৌধুরীহাট এলাকায় অবস্থিত লিবার্টি এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান খোলা বাজারে বিক্রি করেছে। তারা বন্ড সুবিধায় ৪৬ কোটি টাকা মূল্যের ৩ হাজার ৫৬০ টন কাঁচামাল আমদানি করে। কিন্তু এসব কাঁচামাল দিয়ে পিপি ফিল্ম, ডুপলেক্স বোর্ড,এলপিপিই, এলএলডিপিই, পলিস্টার তৈরি করে সেটি খোলা বাজারে বিক্রি করে দেয়। এর মাধ্যমে প্রায় ১১ কোটি টাকার শুল্ক ফাঁকি দেয় প্রতিষ্ঠানটি।’

তিনি আরো বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গত তিন দিন ধরে চৌধুরীহাটে অবস্থিত প্রতিষ্ঠানটির কারাখানায় অভিযান চালিয়ে সেখানে বন্ড   সুবিধায় আনা কাঁচামাল দিয়ে তৈরি পণ্যের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। কারখানার গোডাউনেও পাওয়া যায়নি কাঁচামাল কিংবা তৈরিকৃত রপ্তানিযোগ্য পণ্য। এসব মালামাল কোথায় তারও ষ্পষ্ট কোনো উত্তর কিংবা রপ্তানির কাগজপত্র দেখাতে পারেনি প্রতিষ্ঠানটির মালিক। এঘটনায় লিবার্টি এন্টারপ্রাইজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কাস্টমসের বন্ড কমিশনারের কাছে একটি মামলা দায়ের করা হয়েছে।’

এর আগে লিবার্টি গ্রুপের বিরুদ্ধে বিভিন্ন সময়ে শুল্ক গোয়েন্দা বিভাগ ও বিজিবি পৃথকভাবে শুল্ক ফাঁকির দায়ে তার কারখানায় বেশ কয়েকবার অভিযান চালিয়েছিলো। এ ঘটনায় লিবার্টি গ্রুপের মালিক হাটহাজারীর বাসিন্দা ইলিয়াছ বিজিবির কাছ থেকে জব্দ মালামাল উদ্ধারের জন্য আদালতে মামলাও করেছিল। এমনকি তার গ্রুপের বিরুদ্ধে এই ধরণের বন্ড সুবিধায় আনা কাঁচামাল দিয়ে পণ্য তৈরি করে রপ্তানি না করে খোলা বাজারে বিক্রি করার অভিযোগ অনেক দিনের। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বেশ কয়েকটি প্রতিবেদনও প্রচার হয়েছিল।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী




Leave a Reply

Inline