মেসি সুয়ারেজে বিধ্বস্ত রোমা

প্রকাশিত: রাত্রি ০৪:৪৪; বুধবার ; ২৫ নভেম্বর, ২০১৫

মেসি সুয়ারেজে বিধ্বস্ত রোমা

সিটিজিবার্তা২৪ডটকম ||

চ্যাম্পিয়ন্স লিগের ‘ই’ গ্রুপের খেলায় ক্যাম্প ন্যুতে রোমাকে ৬-১ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। প্রথম লেগের ম্যাচে রোমার মাঠে ১-১ গোলের ড্র নিয়ে ফিরেছিল মেসি-নেইমার-সুয়ারেজরা। তবে, নিজেদের মাঠে ফিরতি লেগের ম্যাচে বিশাল জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলো নিশ্চিত করলো লুইস এনরিকের বার্সা।

কাতালনাদের হয়ে জোড়া গোল করেন মেসি, সুয়ারেজ। গোলের দেখা পেয়েছেন পিকে এবং আদ্রিয়ানো। খেলার একেবারে শেষ মুহূর্তে রোমার হয়ে একমাত্র গোলটি করেন এডিন জোকো।

দীর্ঘ দুই মাস পর মেসি মূল একাদশের হয়ে মাঠে নামেন। খেলার পঞ্চদশ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের লম্বা করে বাড়ানো বল দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে সুয়ারেসকে দেন দানি আলভেস; উরুগুয়ে ফরোয়ার্ড নিখুঁত শটে রোমা গোলরক্ষককে পরাস্ত করেন।তিন মিনিট পরই মেসির গোলে ব্যবধান দ্বিগুণ করে নেয় বার্সেলোনা।

প্রথমার্ধের শেষ দিকে রোমাকে আরও কোণঠাসা করে ফেলে স্বাগতিকরা। সুয়ারেজের দ্বিতীয় গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।

বিরতির পরও আরও দুরন্ত হয়ে ওঠে বার্সা। ৫৬তম মিনিটে জেরার্ড পিকে, ৫৯তম মিনিটে মেসি গোল করলে ৫-০ গোলে এগিয়ে যায় বার্সা।

৭৭তম মিনিটে বক্সের মধ্যে নেইমার ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সেলোনা। হ্যাটট্রিকের মুখে থাকলেও পেনাল্টি শট নেননি সুয়ারেজ মেসির কেউ-ই। নেইমারের নেওয়া পেনাল্টি রুখে দেন রোমা গোলরক্ষক। তবে ফিরতি শটে স্কোরলাইন ৬-০ করে দেন আরেক ব্রাজিলিয়ান আদ্রিয়ানো।

৯০তম মিনিটে ব্যবধান কমান এডিন জোকো। গ্রুপের অন্য ম্যাচে বাতে বরিসভের মাঠে ১-১ গোলে ড্র করেছে বায়ার লেভারকুজেন। পাঁচ করে পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে রোমা দ্বিতীয়, লেভারকুজেন তৃতীয় স্থানে আছে। চার পয়েন্ট নিয়ে গ্রুপের চার দলের মধ্যে চতুর্থ বরিসভ।

সিটিজিবার্তা২৪ডটকম/এমকে

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী




Leave a Reply

Inline