প্রার্থী পছন্দ জানাবে তৃণমূল : মনোনয়ন দেবে কেন্দ্রীয় কমিটি

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫

প্রার্থী পছন্দ জানাবে তৃণমূল : মনোনয়ন দেবে কেন্দ্রীয় কমিটি

সিটিজিবার্তা২৪.কম : বাংলাদেশে প্রথমবারের মতো দলীয় প্রতীকে হচ্ছে পৌর নির্বাচন। নির্বাচনে জোটগতভাবে নয়, এককভাবেই প্রতিদ্বন্দ্বিতা করবে আওয়ামী লীগ। এক্ষেত্রে দলের তৃণমূল নেতৃত্ব তাদের পছন্দের প্রার্থীর/প্রার্থীদের জন্য সুপারিশ করবে, আর তা যাচাইবাছাই করে মনোয়ন দেবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সমন্বয়ে গঠিত ‘লোকাল/ স্থানীয় মেয়র পৌর বোর্ড’। তৃণমূল নেতা-কর্মীরা একক প্রার্থীতে একমত না হলে বিকল্প হিসেবে একাধিক প্রার্থীর নামও পাঠাতে পারবে।

বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয় বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

সভায় সভাপতিত্ব করেন দলীয় সভাপতি শেখ হাসিনা। বৈঠকে সূচনা বক্তব্য দেন দলীয় সভাপতি। সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও সংসদীয় বোর্ডের সদস্যরা।

বৈঠক সূত্র জানায়, পৌরসভা নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী মনোয়নের জন্য একটি বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডে রয়েছেন আওয়ামী লীগের জেলা কমিটি, উপজেলা কমিটি, শহর কমিটি/পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ এবং স্থানীয় সংসদ সদস্যরা। এদের পরামর্শ নিয়ে একজন প্রার্থীকে কেন্দ্রীয়ভাবে মনোনয়ন দেওয়া হবে। এক্ষেত্রে নির্বাচনী আইন, নীতিমালা ও বিধিমালা অনুযায়ী সব তথ্য প্রার্থীর নামের সঙ্গে পাঠাতে হবে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয় বরাবর এসব তথ্য পাঠাতে হবে।

বৈঠক শেষে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সাংবাদিকদের বলেন, ‘আওয়ামী লীগ জোটগতভাবে নয়, এককভাবে পৌরসভা নির্র্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে মেয়র পদে দলীয় মনোনয়নের জন্য একটি বোর্ডও গঠন করা হয়েছে। এই বোর্ড সমন্বয় করে মেয়র পদে মনোনয়ন দেবে। পাশপাশি একাধিক প্রার্থী ঠেকাতে কেন্দ্রের কঠোর নির্দেশনা রয়েছে।’

বৈঠক সূত্র আরো জানা গেছে, বৈঠকে আওয়ামী লীগ সভাপতি কয়েকটি জেলা ও মহানগরের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন। এসব জেলার মধ্যে রয়েছে- নোয়াখালী, রাজশাহী মহানগর ও ঝিনাইদহ।
এ ছাড়া জানুয়ারিতে অনুষ্ঠিতব্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কাউন্সিল নিয়ে আলোচনা হয়েছে ওই সভায়। তবে কেন্দ্রীয় কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হয়নি বলেও জানা গেছে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী




Leave a Reply

Inline