সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম
Published: 2016-07-03 08:26:10 AM BdST
গুলশানে হলি আর্টিসান রেস্টুরেন্টে জঙ্গি হামলায় নিহত বনানী থানার সদ্য প্রয়াত অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন। পুলিশে বেশ পরিচিত মুখ ছিলেন তিনি। তার এভাবে মৃত্যু- সহকর্মীরা অনেকেই মেনে নিতে পারছেন না।
কদমতলি থানার অফিসার (ওসি) ইনচার্জ কাজী ওয়াজেদ অশ্রুভেজা চোখে বলছিলেন, তারা একসঙ্গে পুলিশ বাহিনীতে যোগদান করেন। প্রায় ২০ বছরের চাকরি জীবনে তার সঙ্গে বিভিন্ন জায়গায় একসঙ্গে কাজও করেছেন। নিহত হওয়ার দুদিন আগেও তার (সালাহউদ্দিন) সঙ্গে কথা হয়।
একই কথা বলেন মতিঝিল থানার ওসি ওমর ফারুক। তিনি বলছিলেন, ‘সে আমার বন্ধু ছিল।’ তিনি তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, পুলিশ বাহিনীতে যোগদানের পর অনেক জায়গায় পেশাগত কাজ করেছেন সালাহউদ্দিন। তবে ওসি হিসেবেই তিনি বেশি পরিচিত ছিলেন। বিশেষ করে ঢাকা শহরে আসার পর।
ঢাকা মেট্রোপলিটন পুলিশেই তিনি ৬/৭ বছর কয়েকটি থানার দায়িত্ব পালন করেন। প্রথমে মতিঝিল, তারপর কোতোয়ালী, মিরপুর মডেল থানা হয়ে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে প্রায় বছরখানেক কাজ করেন। আর এসব কারণে তিনি পুলিশের কাছে বেশ পরিচিত ছিলেন ওসি হিসেবে।
তার এ চলে যাওয়া নামাজের জানাজায় অংশ নেওয়া অনেক পুলিশ কর্মকর্তাও মেনে নিতে পারছিলেন না। তারা সালাহউদ্দিনের কর্মকাণ্ড নিয়ে আলাপ-আলোচনা করছিলেন। একইসঙ্গে পেশাগত কাজ করতে গিয়ে তিনি বিভিন্ন সময় সমালোচনায় পড়েন।
প্রসঙ্গত, শুক্রবার রাতে রাজধানীর গুলশানে হলি আর্টিসান রেস্টুরেন্টে আক্রমণ করে বন্দুকধারী সন্ত্রাসীরা। তারা এ সময় ২০জনকে হত্যা করে।
শনিবার সকালে কমান্ডো অভিযানে বন্দুকধারী সন্ত্রাসীরা নিহত হন। আর রাতেই সন্ত্রাসীদের মোকাবিলা করতে গিয়ে নিহত হন এসি রবিউল করিম এবং বনানি থানার ওসি সালাউদ্দিন।




