সিটিজিবার্তা২৪ডটকম : বিসিবি একাদশের সঙ্গে ইংল্যান্ডের দুই দিনের প্রস্তুতি ম্যাচ চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ভেজা আউটফিল্ডের কারণে প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়ে গেছে। আউটফিল্ড খেলার উপযোগী না হওয়ায় আজ ঠিক সময়ে খেলা শুরু না হওয়ার শঙ্কা আগে থেকেই ছিল। আজ সেই শঙ্কাই সত্যি হয়েছে।
আজ শুক্রবার ভোরে চট্টগ্রামে বৃষ্টি। মুষলধারে বৃষ্টি না হলেও খানিকক্ষণের বৃষ্টিতে ধুয়ে যায় বন্দর নগরী। সেই বৃষ্টির প্রভাব পড়েছে মাঠেও।
সকাল ১০টায় বিসিবি একাদশ ও ইংল্যান্ড দলের দুই দিনের প্রথম প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা থাকলেও মাঠ ভেজা থাকায় খেলতে রাজী নয় দুই দল। ভেজা মাঠের কারণে প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়েছে।
দুই দলের টিম ম্যানেজমেন্ট, ম্যাচ অফিশিয়ালরা ঘুরে ঘুরে মাঠ পর্যবেক্ষণ করে আজ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার দ্বিতীয় দিন ৪৫ ওভার করে খেলবে দুই দল।
এম এ আজিজ স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার রুবেল শুক্রবার সাংবাদিকদের বলেছেন, ‘আমাদের প্রস্তুতি যথাযথভাবেই নেওয়া ছিল। কিন্তু শুক্রবার সকালে বৃষ্টির কারণে মাঠের একপাশ বেশি ভেজা ছিল। এখনো বৃষ্টির সম্ভাবনা আছে। এ কারণে ইংল্যান্ড ক্রিকেট দল ম্যাচ খেলা থেকে বিরত থেকেছে। কাল (দ্বিতীয় দিন) দুই দল ৪৫ ওভারের ম্যাচ খেলবে।’
বিসিবির গ্রাউন্স এন্ড ফ্যাসিলিটিজ কমিটির ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন বলেছেন, ‘মাঠ সব দিক থেকেই প্রস্তুত ছিল। কিন্তু বৃষ্টির কারণে সকালে মাঠ ভিজে যায়। খেলার পরিবর্তে আজ জহুর আহমেদে প্রস্তুতি নিবে ইংল্যান্ড দল।’
প্রথম দিন দুই দলের ক্রিকেটাররা মাঠেই আসেননি। ইংল্যান্ড ক্রিকেট দল সাড়ে ১২টায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করবে। বিসিবি একাদশের ক্রিকেটারদের দুপুরে অনুশীলন করার কথা রয়েছে।
প্রথম ম্যাচের বিসিবি একাদশ:
সাব্বির রহমান (অধিনায়ক), সৌম্য সরকার, শাহরিয়ার নাফীস, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, শুভাগত হোম, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন ও সাদমান ইসলাম।



