শুক্রবার,১৪ অক্টোবর ২০১৬
বিনোদন ডেস্ক : চট্টগ্রামের পাঁচতারা হোটেল র্যাডিসনে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের জন্য বৃহস্পতিবার আয়োজন করা হয় ‘আয়নাবাজি’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী। সিনেমা দেখে খেলোয়াড়রা তাদের প্রতিক্রিয়া জানান।
‘আয়নাবাজি’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন নাবিলা। আরেকটি গুরুত্বপূর্ণ নারী চরিত্রে অভিনয় করছেন ইফফাত তৃষা। বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন পার্থ বড়ুয়া। আরও আছেন- গাউসুল আলম শাওন, এজাজ, সোহেলসহ অনেকে।
নির্মাতা অমিতাভ রেজা বলেন, ‘চট্টগ্রামে আয়নাবাজি চলচ্চিত্রটি দেখতে মানুষের আগ্রহ দেখে মুগ্ধ। বিভিন্ন হলে গিয়েও আমরা খোঁজ নিচ্ছি। এদিকে আজ জাতীয় দলের ক্রিকেটাররা সিনেমাটি দেখেছেন। তাদের প্রতিক্রিয়া শুনেছি।’
এ সময় খেলোয়াড়দের সঙ্গে নিজেদের ভাবনা শেয়ার করেন অভিনয়শিল্পী নাবিলা, পার্থ বড়ুয়া, নির্বাহী প্রযোজক এশা ইউসুফ, পরিচালক অমিতাভ রেজা চৌধুরী, প্রযোজক জিয়াউদ্দিন আদিল এবং মিডিয়া পার্টনার আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।
কনটেন্ট ম্যাটারস লিমিটেড প্রযোজিত ও হাফ স্টপ ডাউন লিমিটেডের নির্মিতব্য ‘আয়নাবাজি’ চলচ্চিত্রের কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন গাউসুল আলম শাওন। সংলাপ লিখেছেন অনম বিশ্বাস ও আদনান আদীব খান। চিত্রগ্রহণে রয়েছেন রাশেদ জামান।
উল্লেখ্য, ইংল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের ওয়ান্ডে সিরিজ শেষে টেস্টের অপেক্ষায় টাইগাররা এখন চট্টগ্রামে। ২০ অক্টোবর শুরু হওয়া প্রথম টেস্টের আগে বিশ্রামের ফাঁকে বৃহস্পতিবার ‘আয়নাবাজি’ ছবিটি দেখেছেন ক্রিকেটাররা।




