11
11
11
11
11
আতিক মাসুদ, সিটিজিবার্তা২৪ডটকম
সোমবার, ৬ জুন ২০১৬
ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০১৫-১৬ আসরে সুপার সিক্সে খেলা নিশ্চিত করেছে প্রাইম দোলেশ্বর, লিজেন্ড অব রূপগঞ্জ এবং ভিক্টোরিয়া স্পোটিং ক্লাব। বাকি তিনটি দলের জন্য লড়াইয়ে আছে ছয়টি দল। আজ থেকে শুরু হচ্ছে ডিপিএলের ১১তম রাউন্ডের খেলা। আর এই রাউন্ডে নির্ধারিত হবে তিনটি দলের সুপার সিক্সে খেলার ভাগ্য।
সুপার লিগে ওঠার দৌঁড়ে এগিয়ে রয়েছে আবাহনী ও মোহামেডান। দল দুটি তাদের শেষ রাউন্ডের খেলায় জিতলে নাম লেখাবে সেরা ছয়ে। তবে হারলেও সুযোগ থাকবে সুপার সিক্সে খেলার।
এই দৌড়ে থাকা বাকি দলগুলো হল- গাজী গ্রুপ ক্রিকেটার্স, প্রাইম ব্যাংক, কলাবাগান ক্রীড়া চক্র ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। যদি একাধিক দলের পয়েন্ট সমান হলে সে ক্ষেত্রে হেড টু হেডে যারা এগিয়ে থাকবে তারাই উঠে যাবে সুপার সিক্সে শিরোপা লড়াইয়ে।
আজ সোমবার (৬ জুন) বিকেএসপির তিন নম্বর মাঠে লিগে মাত্র চার পয়েন্ট পাওয়া ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) মুখোমুখি হবে আবাহনী লিমিটেড। তবে সিসিএসের বিপক্ষে আজকের ম্যাচে দারুণ সতর্ক তামিম ইকবালের দল।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে লড়াইটা হবে দুই কলাবাগানের (ক্রীড়া চক্র ও ক্রিকেট একাডেমি) মধ্যে।
নারায়নগঞ্জের ফতুল্লায় প্রাইম দোলেশ্বরের মুখোমুখি হবে প্রাইম ব্যাংক। সবগুলো ম্যাচ সকাল ৯ টায় শুরু হবে।
এবারের ডিপিএলে শেষ ছয়ে খেলা নিশ্চিত করা ভিক্টোরিয়া ও মোহামেডানকে হারিয়েছে ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)। তাই বিকেএসপিতে সিসিএসের বিপক্ষে সতর্ক হয়ে মাঠে নামবে আবাহনী। কারণ আজকের ম্যাচটি তামিমের দলের জন্য সুপার সিক্স নিশ্চিতের সুযোগ। যদিও আবাহনীর অবস্থা লিগের মাঝপথে যেমন ছিল তা এখন অনেকটাই বদলে গেছে। দলে ফিরেছেন আবারো বিশ্ব সেরা অলরাউন্ডারের খেতাব নিজের কাছে পুনরুদ্ধার করে নেওয়া সাকিব আল হাসান। এছাড়া ইউসুফ পাঠান দুই ম্যাচ খেলার জন্য দলে রয়েছেন। সব মিলিয়ে আবাহনী এখন ভালো অবস্থানে। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তারা রয়েছে পঞ্চম স্থানে।
তবে লিগে পয়েন্ট টেবিলে তাদের ভালো অবস্থানের পেছনে আম্পায়ারিং সুবিধা, নিজেদের পছন্দ মতো মাঠে খেলার অবদানও আছে বলে মনে করছেন কেউ কেউ। ডিপিএলে সর্বশেষ তিনটি ম্যাচই তারা খেলেছে বিকেএসপির মাঠে। সদ্য সমাপ্ত আইপিএল খেলে ফেরা সাকিব আল হাসান দুটি ম্যাচে ভালো করেছেন। আবাহনীর হয়ে পঞ্চম বিদেশী হিসেবে মাঠে নামা ইউসুফ পাঠানও শেষ ম্যাচে দারুন একটি ইনিংস খেলেছেন। মিডল অর্ডারে মোসাদ্দেক হোসেন সৈকত শেষ দুটি খেলায় জয়ে দায়িত্বপূর্ণ ব্যাটিং করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
আবাহনী লিমিটেডের শেষ ম্যাচে প্রতিপক্ষ দুর্বল ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)। লিগের আট খেলায় হেরে তাদের রেলিগেশন এক প্রকার নিশ্চিত হয়েছে। কিন্তু ভিক্টোরিয়া ও মোহামেডানের মতো বড় দলকে হারিয়ে সিসিএসও আরেকটি জয়ের স্বপ্ন দেখছে।
রেলিগেশন এড়ানোর লড়াই করতে করতে শেষ রাউন্ডে এসে সুপার সিক্সে যাওয়ার স্বপ্ন উজ্জ্বল করেছে মাশরাফির বিন মর্তুজার কলাবাগান ক্রীড়া চক্র। মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে আজ সকালে তারা মাঠে নামবে রেলিগেশন নিশ্চিত হওয়া আরেক দল কলাবাগানের (ক্রিকেট একাডেমি) বিপক্ষে। বড় দলগুলোকে হারানোর ফলে আজকের ম্যাচ জিতলে সুপার সিক্সে যাওয়ার সম্ভাবনা থাকবে মাশরাফির কলাবাগান কেসির। আগের ম্যাচে হাসানুজ্জামানের ঝড়ো ইনিংস, তাসামুল হকের অপরাজিত ১২৬ এবং শেষ দিকে এসে তানভীর হায়দারের দায়িত্বশীল ব্যাটিংয়ে এখন আরও বড় কিছু আশা করছেন মাশরাফি বিন মুর্তজা।
গতকাল রবিবার মাশরাফি বলেন, ‘হাসান (হাসানুজ্জমান) শুধু জোরে মেরেছে তা নয়, ছয় মারার পরের বলেও আবার সিঙ্গেল নিয়ে নিজের ক্ষমতার কথা জানান দিয়েছে। তাসামুল ফর্মে আছে এছাড়া শেষ দিকে হলেও দায়িত্ব নিয়ে ব্যাট করেছে তানভীর।’
এদিকে প্রাইম দোলেশ্বরের সামনে শীর্ষ স্থান আরও মজবুত করার সুযোগ থাকছে। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারাতে পারলে একমাত্র দল হিসেবে গ্রুপ পর্ব থেকে ১৬ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে যাবে ফরহাদ রেজার দোলেশ্বর। তবে আজকের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক হারলেই সুপার সিক্সে খেলার স্বপ্ন শেষ হয়ে যাবে। কিন্তু দোলেশ্বরের বিপক্ষে জিতলে সুযোগ থাকবে শেষ ছয়ে ওঠার। তাই দোলেশ্বর ও প্রাইম ব্যাংকের মধ্যকার ম্যাচটি বাড়তি উত্তেজনা ছড়াবে বলে মনে করছেন ক্রিকেট প্রেমীরা।

