BREAKING NEWS
Search

“আমরা আর এই কাজ (মাদক ব্যবসা )করুম না”

রোববার,২৩ জুলাই ২০১৭

সিটিজিবার্তা২৪ডটকম : দীর্ঘ এই পেশাগত ক্যারিয়ারে অনেক সেলিব্রেটি অফিসারের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। অনেক আলোচিত অভিযানের স্বাক্ষীও আমি। কিন্তু এমন অভিজ্ঞতা এই প্রথম। অব্যাহত অভিযানের মুখে আমার থানায় আত্মসমর্পণ করেছে ভয়ংকর এক মাদক পরিবার। আত্মসমর্পণ করেছে বায়েজিদ থানার মাদক সম্রাজ্ঞী নামে পরিচিত রহিমা। একই সময় আত্মসমর্পণ করেছে তার বড় মেয়ে বায়েজিদের তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী জোছনা , ছোট মেয়ে রুমা এবং ছেলে তিন মামলার আসামী রুবেল।

যেহেতু সবকটি মামলাতেই তারা জামিনে আছেন এবং তাদের বিরূদ্ধে কোন পরোয়ানা নেই তাই ‘আর কখনো মাদক ব্যবসা করবো না’ মর্মে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। আশ্বাস দেওয়া হয়েছে তাদের পুনর্বাসনের।

মাদকের বিরূদ্ধে জিরো টলারেন্স আমাদের কমিশনার স্যার। প্রতিদিনই মাদক উদ্ধার এবং এর সাথে জড়িতদের আটক- গ্রেফতারের বিষয়ে অবহিত করতে হয় স্যারকে। এ কারণে মাদকের বিরূদ্ধে অভিযান আগের যেকোন সময়ের চেয়ে এখন তীব্র।আমার থানার চৌকস অফিসারদের নিয়ে আলাদা একটা টিমই করেছি শুধু এই মাদক অভিযানের জন্য। প্রতিদিন অন্তত তিনবার সন্দেহজনক বিভিন্ন স্পটে হানা দিচ্ছে এই টিম। টিমের এমন অব্যাহত অভিযানে রীতিমত কোনঠাসা আমার থানা এলাকার মাদকসেবী ও ব্যবসায়ীরা। এমন অভিযানের মুখে টিকতে না পেরে আজ সকালে তালিকাভূক্ত মাদক বিক্রেতা দুই মেয়ে এবং এক ছেলে নিয়ে হাজির থানায়। কাতর স্বরে বলে, ‘স্যার, আপনার দারোগার জালায় এলাকায় থাকবার পারি না। আমগো মাফ কইরা দেন। দরকার হইলে আমরা স্টাম্পে সাইন দিমু। আমরা আর এই কাজ করুম না। পাখি আর সানুর (মাদক ব্যবসা থেকে ভাল হয়ে যাওয়া দুই নারী) মতো ভাল হইয়া যামু।’ পরে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

রহিমা এবং তার পরিবারের আত্মসমর্পণ আমার টিমের অফিসারদের কর্মনিষ্ঠা এবং আন্তরিকতার প্রমাণ। শুধুমাত্র এ আত্মসমর্পণের জন্য নয়। বিশেষ এই টিমের অভিযানে এ পর্যন্ত শতাধিক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের সংখ্যা কিছুটা কম। কারণ, এই ক’দিনের অভিযানে গা ঢাকা দিয়েছে অনেকেই। এলাকায় আগের মতো ভাসমান মাদক সেবীদের দেখা যায় না বলে মন্তব্য করেছেন স্থানীয়রাও। তাই হাজারো প্রশংসাসূচক বাক্যও আমার এই অফিসারদের জন্য যথেষ্ট নয়।

কমিশনার স্যারের জিরো টলারেন্স যেমন অব্যাহত থাকবে, অব্যাহত থাকবে আমার টিমের মাদক বিরোধী জিহাদও। তাই অপেক্ষায় থাকুন পরবর্তী আত্মসমর্পণের খবরের জন্য….

মোহাম্মদ মহসিন
ওসি বায়েজিদ থানা
চট্রগ্রাম ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image