শনিবার,২২ জুলাই ২০১৭
সিটিজিবার্তা২৪ডটকম
গত বছর আজকের এই দিনটি ছিল শুক্রবার। আজ শনিবার; আজকের এই দিনে আমি হারিয়েছিলাম আমার প্রাণপ্রিয় মাকে!
বাবা গত হয়েছেন আরও প্রায় ০৮ বছর আগে!
একই কবরে পাশাপাশি আমার বাবা- মা শায়িত আছেন। এই একটি জায়গা যেখানে গেলে আমার আত্মাও কেঁদে ওঠে…
মাকে কোন সন্তান ভাল না বাসে! আমরা সবাই মাকে পাগলের মত ভালবাসতাম। বাবা মারা যাওয়ার পর মা ছিলেন আমাদের আকঁড়ে ধরে বেঁচে থাকার শেষ আশ্রয়স্থল!!
সেই শেষ স্থানটিও থাকেনি আমার…
শেষ সময়গুলোতে আমি খুব কাছে ছিলাম, সকল কথা আমার সাথে… এত কথা, এত স্মৃতি, এত ভালবাসা, এত চোখের পানি… আমাকে নামাজ পড়তে দেখলে খুব সাহস পেতেন মনে; তাই আমি ইচ্ছা করে মায়ের সামনেই নামাজ আদায় করতাম…
গতবছর শুক্রবার বিকেলের দিকে আমার হাতে আমার মা শেষ একটি আঙ্গুর খান! আঙ্গুর আমার বেশ প্রিয় ফল! ডাক্তার বললো, শরীরে লবণ একটু কম তাই ফলের সাথে লবণ খাওয়াবেন!
আমি যখন লবণ দিচ্ছিলাম তখন বলে, আমি নাকি একেক সময় একেক কথা বলি। একবার বলেছি কাঁচা লবণ উচ্চ রক্তচাপের জন্য দায়ী আবার বলছি কাঁচা লবণ খেতে। শেষ সময়ে আমার হাতে ছাড়া খেতেও চাইতেন না!
আমার রাগ, ক্ষোভ ও ভালবাসা প্রকাশের একমাত্র সঙ্গী আমার মাকে আমি এখন আর ছবি দেখে দেখিনা; আমার চোখে শুধু একটি ছবি ভাসে
” দুই হাত দিয়ে জড়িয়ে ধরে আমার কপালে চুমু খেয়ে মা বলেছিলেন, আল্লাহ তোমার মঙ্গল করুন”
মানুষটার দুই হাত আর উঠেনা, আশীর্বাদ ও আসেনা!
মাঝে মাঝে নিজেকে শক্তিহীন মনে হয়; তাই চলে যাই তাঁর পছন্দের জায়গা মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায়!
আমার মত একজন ইয়াতীম -ই, ইয়াতীমের দু:খ সবচেয়ে বেশি উপলব্ধি করবে এটাই স্বাভাবিক….
মায়ের কথা মনে পড়লে স্থান, কাল, পাত্রভেদে আমার চোখজোড়া বাঁধ মানেনা… চোখতো তাও মুছে নেয়া যায়; অন্তর মুছাই কী দিয়েগো মা!!
আমার ভালবাসার মা… আমার কলিজা মা….আপনি সময়ে সময়ে আমার মাথায় চলে আসেন… আমি পাগলের মত ভালবাসি মা… আমার মেয়েটা আপনার ভালবাসা পেলোনা মা!
সুযোগ থাকলে দোয়া করেন মা, আদর্শবান সন্তান যেন হয় আমার মেয়েটা…..
ওহ বড় হলে আপনাকে নিশ্চয়ই চিনবে মা কারণ ওর পাগল বাবা আপনাকে ভুলতে দেবেনা….
চোখের জল মুছে যায় মা, মনের জল মুছেনা; কখনোই না….!
লেখক : ইফতেখারুল ইসলাম
সহকারী পুলিশ কমিশনার ।



