আবু সায়েদ সুমন, সিটিজিবার্তা২৪.কম
বুধবার, ৮ জুন ২০১৬
চট্টগ্রাম : ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণি ভর্তিতে অনলাইনে আবেদন প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। গত বৃহস্পতিবার (২৬ মে) থেকে শুরু হওয়া এ আবেদন প্রক্রিয়া চলবে আগামীকাল বৃহস্পতিবার (৯ জুন) পর্যন্ত। শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবার সর্বোচ্চ ২০টি কলেজ পছন্দ দিয়ে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা।
এর মধ্যে অনলাইন (ওয়েবসাইট) আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ দশটি (এক আবেদনেই) এবং পরবর্তীতে চাইলে এসএমএস-এর মাধ্যমে আরো দশটি কলেজে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। তবে এবার একই কলেজে একাধিক আবেদন করারও সুযোগ রয়েছে ভর্তিচ্ছুদের। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া।
বোর্ডের তথ্য অনুযায়ী- বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী একটি কলেজের বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য আবেদন করার পর চাইলে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তির জন্যও আবেদন করতে পারবে। আবার কোন শিক্ষার্থী বিভাগ/শিফট/ভার্সন নির্বাচনের ক্ষেত্রে ভুল করে থাকলে সেক্ষেত্রেও একাধিক আবেদনের সুযোগ কাজে লাগাতে পারবে শিক্ষার্থীরা।
অর্থাৎ একটি কলেজের মানবিক বিভাগে ভর্তিচ্ছুক একজন শিক্ষার্থী আবেদন ফরমে ভুল করে বিজ্ঞান বিভাগ দিয়ে বসলে সেক্ষেত্রে বিচলিত না হয়ে শুদ্ধ বিভাগটি (মানবিক) দিয়ে আরো একটি আবেদন করার সুযোগ রয়েছে।
একইভাবে শিফট এবং ভার্সনের ভুলের ক্ষেত্রেও এই সুযোগ রয়েছে। আর যেহেতু এবার সর্বোচ্চ ২০টি কলেজ পছন্দ দিয়ে আবেদনের সুযোগ রয়েছে সেহেতু একই কলেজে একাধিক আবেদনে শিক্ষার্থীদের কোন ধরনের সমস্যা হবে না। তবে ভুল কোটায় আবেদন বা কোন ধরনের কোটা না থাকা সত্ত্বেও ভুল করে কোটায় আবেদনের ক্ষেত্রে ভুল সংশোধনে এখনো পর্যন্ত কোন নির্দেশনা পাওয়া যায়নি।
যদিও কোটায় ভুলের বিষয়টি অনলাইন আবেদন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত বুয়েটের টিমকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া। তিনি বলেন, ভুল করে কোটায় আবেদন করা বেশ কয়জন শিক্ষার্থী পাওয়া গেছে। তারা না জেনে শিক্ষা কোটায় আবেদন করে দিয়েছে। কিন্তু তাদের কোন ধরনের কোটা নেই। এই ভুল সংশোধনের বিষয়ে আমরা বুয়েটের টিমের সাথে কথা বলেছি। তাঁরা কয়েকদিনের মধ্যেই এ বিষয়ে নির্দেশনা দেয়ার কথা আমাদের জানিয়েছেন। আশা করছি দুয়েক দিনের মধ্যেই এ ধরনের ভুল সংশোধনের নির্দেশনা পাওয়া যাবে। তাই এ ধরনের ভুল করা শিক্ষার্থীদের দুশ্চিন্তার কিছু নেই।
অবশ্য, আবেদনের সময় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে এই বোর্ড কর্মকর্তা বলেন- অনলাইন আবেদনে কোন ধরনের ভুল যাতে না হয় সে দিকে খুব বেশি সতর্ক থাকতে হবে। আর কলেজ পছন্দ, বিভাগ, শিফট, ভার্সন ও কোটা নির্বাচনের ক্ষেত্রেও সজাগ থাকতে হবে। এসব ক্ষেত্রেই শিক্ষার্থীরা বেশি ভুল করে থাকে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি প্রকাশিত একাদশ শ্রেণিতে ভর্তি নির্দেশিকা অনুযায়ী- এসএমএস-এর মাধ্যমে আবেদনে একটি কলেজের জন্য একবার আবেদন করতে হবে। সেক্ষেত্রে প্রতি আবেদনে ফি হিসেবে কাটা হবে ১২০ টাকা। অর্থাৎ এসএমএস-এর মাধ্যমে দশ কলেজের জন্য দশটি আবেদনে মোট খরচ পড়বে ১২’শ টাকা।
যদিও অনলাইন (ওয়েবসাইট) আবেদনের বেলায় এক আবেদনেই দশটি কলেজ পছন্দ দেয়া যাবে এবং সেক্ষেত্রে ফি হিসেবে খরচ হবে ১৫০ টাকা। এদিকে, আবেদনের ক্ষেত্রে এবার নিয়মে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। গতবার আবেদনের পর ফি কাটা হলেও এবার আবেদনের আগে টেলিটক মোবাইলের মাধ্যমে ফি জমা দিতে হবে। ফি জমা হলেই আবেদনের পরবর্তী ধাপে যেতে পারবে সংশ্লিষ্টরা।
আর আবেদনকৃত প্রতিটি কলেজেই শিক্ষার্থীর অবস্থান জানা যাবে এবার। অর্থাৎ আবেদনকৃত কলেজগুলোর প্রত্যেকটিতেই ওই শিক্ষার্থী ভর্তির জন্য (যোগ্যতা সাপেক্ষে) মনোনীত হবে। মনোনীতদের তালিকায় ওই শিক্ষার্থীর নাম থাকবে। মনোনীত হওয়ার পর (মনোনীত হওয়া কলেজগুলোর) যেকোন একটিতে (পছন্দসই) ভর্তির সুযোগ পাবে সংশ্লিষ্ট শিক্ষার্থী।
আর অনলাইনে আবেদনে দশটি কলেজ পছন্দ দেয়ার ক্ষেত্রে একবারেই দশটি কলেজ পছন্দ না দিলেও চলবে। ভর্তি নির্দেশিকা অনুযায়ী- অনলাইনে একাধিকবারে দশটি কলেজ পছন্দ করা যাবে। অর্থাৎ প্রথমবার ৫টি কলেজ পছন্দ করে আবেদন করার পর পরবর্তীতে আরো একবার বা দুবার ওই আবেদনে কলেজ যুক্ত করার সুযোগ রয়েছে।
মোটকথা একাধিকবারে দশটি কলেজ পছন্দ দেয়া যাবে (অনলাইনে আবেদনে)। আর এসএমএস-এর মাধ্যমেও পরবর্তীতে (একটি একটি করে) আরো দশটি কলেজে আবেদনের সুযোগ তো আছেই। সুযোগ থাকায় আবেদনের সময় সর্বোচ্চ সংখ্যক (অন্তত দশটি) কলেজ পছন্দ দিয়ে আবেদন করাই বুদ্ধিমানের কাজ বলছেন বোর্ডের কলেজ পরিদর্শক। এর মাধ্যমে কোন শিক্ষার্থীর ভর্তি নিয়ে সংশয়ের সুযোগ থাকছে না বলেও মনে করেন তিনি।

