বুধবার, ৬ জানুয়ারি, ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
আন্তর্জাতিক ডেস্ক : ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গি জিহাদি জনের (মোহাম্মাদ এমওয়াজি ওরফে জিহাদি জন) কথা মনে আছে নিশ্চয়ই। গত বছরের আইএসের হাতে জিম্মি বেশ কয়েকজনের শিরশ্ছেদ করা যেসব ভিডিও চিত্র আইএস প্রকাশ করেছে, সেসবের বেশির ভাগগুলোতেই জিহাদি জনকে শিরশ্ছেদকারীর ভূমিকায় দেখা যায়। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী গত নভেম্বরে সিরিয়ায় মার্কিন বিমান হামলায় তিনি নিহত হন।
সম্প্রতি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের উদ্দেশে আইএসের প্রকাশ করা এক ভিডিও বার্তায় পাঁচজনকে হত্যা করতে দেখা গেছে। ভিডিওতে যে কয়েকজনকে দেখা যায়, তার মধ্যে একজন অল্পবয়সী এবং একজন প্রাপ্তবয়স্ক জঙ্গিকে বিশেষভাবে চোখে পড়ে। এই প্রাপ্তবয়স্ক ব্যক্তিটি ব্রিটিশ নাগরিক সিদ্ধার্থ ধর বলে ধারণা করা হচ্ছে। তাঁকেই বলা হচ্ছে ‘নিউ জিহাদি জন’।
মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট ও ভারতের দৈনিক হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, আইএসের ওই ভিডিও চিত্রের প্রাপ্তবয়স্ক ব্যক্তি সিদ্ধার্থ ধর নামের একজন ব্রিটিশ নাগরিক বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ হিন্দু পরিবারে জন্ম নেওয়া সিদ্ধার্থ পূর্ব লন্ডনের বাসিন্দা। সেখানেই তাঁর জন্ম এবং বেড়ে ওঠা। তিনি ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার পর আবু রুমাইশাহ নাম গ্রহণ করেন।
এরপরই ‘মুহাজিরাউন’ নামের একটি সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়েন। সন্ত্রাসবাদে সম্পৃক্ততার কারণে যুক্তরাজ্যে এই সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। সংগঠনটির সঙ্গে সম্পৃক্ততার কারণে সিদ্ধার্থ যুক্তরাজ্যে গ্রেপ্তারও হয়েছিলেন। তবে ২০১৪ সালে জামিনে মুক্তি পাওয়ার পর তিনি সিরিয়া চলে যান। তাঁকে মার্কিন ও ইসরায়েল বিরোধী বিভিন্ন সমাবেশেও দেখা গেছে বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে।
এদিকে সিদ্ধার্থ ধরের বোন বলেছেন, আইএসের ওই ভিডিও চিত্রের লোকটির কণ্ঠ তাঁর ভাইয়ের কণ্ঠ বলেই মনে হয়েছে। সিদ্ধার্থের বোন কণিকা ধর ওই ভিডিওটি চিত্রের অডিও ক্লিপিং শুনে ব্রিটিশ পত্রিকা ইনডিপেনডেন্টকে বলেন, ‘এটি যদি ঘটে থাকে তবে আমি তাঁকে পেলে হত্যা করব।’
তবে ওই লোকটিই যে সিদ্ধার্থ-সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। যদিও তদন্তকারীরা ধারণা করছেন ওই ব্যক্তিই ব্রিটিশ নাগরিক সিদ্ধার্থ।
এদিকে ভিডিও চিত্রটি সম্পর্কে প্রধানমন্ত্রী ক্যামেরন বলেছেন, পায়ের তলার মাটি সরে যাওয়ায় আইএস ‘মরিয়া’ হয়ে এমন প্রোপাগান্ডা চালাচ্ছে।
এদিকে চ্যানেল ফোর নিউজের এক খবরে বলা হয়েছে, ভিডিওটিতে থাকা অল্পবয়সী ছেলেটিকে নিজের নাতি বলে শনাক্ত করেছেন দক্ষিণ লন্ডনের এক ব্যক্তি। নিজেকে সানডে ডেয়ার নামে পরিচয় দেওয়া নাইজেরিয় বংশোদ্ভূত ওই ব্যক্তি বলেছেন, ‘তাকে আমি ভালোভাবে চিনি। এই ছবির ছেলেটি আমার নাতি ইসা ডেয়ার। তার (ইসার) মা (গ্র্যাসে ডেয়ার) তাকে সিরিয়ায় নিয়ে গেছেন।’ ব্রিটিশ-নাইজেরিয় বংশোদ্ভূত গ্র্যাসে ডেয়ার ধর্মান্তরিত হয়ে খাদিজা নাম নিয়েছেন। ২০০৯ সালে ধর্মান্তরিত হওয়ার পর ২০১৩ সালে ২২ বছর বয়সে তিনি সিরিয়ায় যান।






